শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে গ্যাস সংকট: ২৪ ঘণ্টার বেশি লাইনে চালকরা, সময় কাটছে লুডু খেলে

১৩ আগস্ট, ২০২৬ এ ৩:৩২ AM

সিরাজগঞ্জে গ্যাস সংকট: ২৪ ঘণ্টার বেশি লাইনে চালকরা, সময় কাটছে লুডু খেলে

সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘ সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সিএনজি, হাইয়েস ও বাসচালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে অনেক চালককে নিজ নিজ গাড়িতেই রাত কাটাতে হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) শহরের আলবাট্রস এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, শতাধিক যানবাহন গ্যাস নেওয়ার অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে। কেউ ২৪ ঘণ্টা, কেউ ২৭ ঘণ্টা, আবার কেউ ২৮ ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন।

চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর অবস্থার মধ্যে দিন কাটছে।

সিএনজি চালক রিফাত বলেন, আগামীকাল থেকে গ্যাস নাই। গ্যাস না পাওয়ায় সিএনজি চালাতে পারছি না। এখন লাইনে দাঁড়িয়ে আমরা চালকরা লুডু খেলছি। সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অসহায় শ্রমিক। দ্রুত আমাদের গ্যাস সরবরাহ করুন।

অন্যান্য চালকেরাও জানান, দিনের পর দিন গাড়ি বন্ধ রেখে লাইনে অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ গ্যাসের আশায় সিএনজি ও বাসের ভেতরেই রাত কাটিয়েছেন। এতে একদিকে যেমন তাদের আয় বন্ধ হয়ে গেছে, অন্যদিকে যাত্রীসেবাও ব্যাহত হচ্ছে।

আলবাট্রস এনার্জি লিমিটেড সিএনজি ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারে দায়িত্বরত মো. পলাশ বলেন, গতকাল (১২ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুধু সিরাজগঞ্জ নয়, দেশের বিভিন্ন স্থানেই একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ পাওয়া মাত্রই আমরা গ্রাহকদের গ্যাস দিতে পারব।

এদিকে গ্যাস সংকটের কারণে শহর ও আশপাশের বিভিন্ন রুটে সিএনজির সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদেরও বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করতে দেখা গেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, গ্যাস সংকটের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। অতিদ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: bartabazar.com

সম্পর্কিত সংবাদ