সিরাজগঞ্জে কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
২৩ আগস্ট, ২০২৬ এ ১০:১৬ AM

সিরাজগঞ্জের সলঙ্গায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,মো. মানিক হোসেন ওরফে হীরা মানিক, মো. শাহাদত হোসেন, মো. মাহমুদুল হাসান নয়ন, মো. রুবেল মিয়া, মো. শরিফুল ইসলাম ও মোছা. রাবেয়া খাতুন। তাদের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানার চর বেড়া, রামআরচর ও চর গোজা এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত ছানোয়ার হোসেন একজন কৃষক ছিলেন। তিনি মো. হিরা নামে এক ব্যক্তির কাছে ২ লাখ ২০ হাজার টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হিরার সঙ্গে ছানোয়ারের বিরোধ সৃষ্টি হয়। পাশাপাশি বসতবাড়ির সম্পত্তি নিয়ে তার ভাসুরের স্ত্রী রাবেয়া খাতুনের সঙ্গেও বিরোধ চলছিল।
২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যার দিকে মোবাইল ফোনে কল পেয়ে পাওনা টাকা নেওয়ার কথা বলে ছানোয়ার বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
পরবর্তীতে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর উল্লাপাড়া থানাধীন কওড়া সড়াতলা এলাকায় সূর্য নদীর পানিতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি পচে-গলে বিকৃত হয়ে যাওয়ায় স্বজনরা প্রথমে নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেননি। পরে নিহতের দুই ছেলে রিফাত ও সিফাতের সঙ্গে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় উদ্ধার হওয়া মরদেহটি তাদের জৈবিক পিতা ছানোয়ার হোসেনের বলে প্রমাণিত হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনে ছানোয়ারকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। পরে নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সলঙ্গা থানায় হত্যা মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ছয় আসামিকে দোষী সাব্যস্ত করেন। রায়ে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে আরও বলা হয়, দণ্ডিত আসামিদের বিচারকালীন হাজতবাস বিধান অনুযায়ী সাজা থেকে বাদ যাবে। আদালতে উপস্থিত আসামিদের সাজা কার্যকর করতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম আকন্দ।
সূত্র: Ekushey Sangbad
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
