শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ইটভাটা মালিক ও অংশীজনদের নিয়ে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ PM

সিরাজগঞ্জে ইটভাটা মালিক ও অংশীজনদের নিয়ে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট:

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ, ইটভাটার মালিক-স্বত্বাধিকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’ অনুযায়ী ইটভাটা পরিচালনা করতে হবে। পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্স এবং মাটি সংগ্রহের বৈধ অনুমোদন ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না।তিনি বলেন, ইটভাটার জন্য মাটি সংগ্রহের ক্ষেত্রে আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। কৃষিজমি, পাহাড় বা টিলা কেটে মাটি সংগ্রহ করে ইট তৈরিতে ব্যবহার করা যাবে না। একইসঙ্গে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার বিষয়েও সতর্ক থাকতে হবে।জেলা প্রশাসক আরও বলেন, ইটভাটায় কোনো ধরনের কাঠ বা কাঠজাতীয় জ্বালানি ব্যবহার করা যাবে না। আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি বলেন, ইটভাটা স্থাপনের ক্ষেত্রে আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, বনাঞ্চল, উদ্যান ও পরিবেশগত সংকটাপন্ন (ECA) এলাকার বিধিনিষেধ মেনে চলতে হবে। পাশাপাশি ইটভাটা স্থাপনের ক্ষেত্রে নির্ধারিত দূরত্ব ও অন্যান্য আইনগত শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।সভায় তিনি ইটভাটা মালিকদের সনাতন পদ্ধতি পরিহার করে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। একইসঙ্গে জিগজ্যাগ বা টানেল কিলনের মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পরিবেশবান্ধব কনক্রিট ব্লক ও হলো ব্লক উৎপাদনের দিকে ইটভাটা মালিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম। প্রেজেন্টেশনে ইটভাটার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব এবং ইটভাটা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিবিধান তুলে ধরা হয়।সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নুর নাহার বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল রানা, সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইটভাটা প্রস্তুতকারী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. রফিকুল ইসলাম।এ সময় জেলার বিভিন্ন এলাকার ইটভাটা মালিক-স্বত্বাধিকারী, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় আইন অনুযায়ী ইটভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স গ্রহণ, বৈধ উৎস থেকে মাটি সংগ্রহ, জ্বালানি কাঠ ব্যবহার বন্ধ এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।এছাড়া আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মামলা, জরিমানা ও প্রয়োজন অনুযায়ী লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।সভায় প্রশাসন ও ইটভাটা মালিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিবেশ দূষণ কমিয়ে আনা এবং আইন মেনে ইটভাটা পরিচালনার বিষয়ে একমত পোষণ করা হয়।

The post সিরাজগঞ্জে ইটভাটা মালিক ও অংশীজনদের নিয়ে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ