শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM

সিরাজগঞ্জে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ হোসেন আলী (ছোট্ট) :জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস. এম. মোস্তাফিজুর রহমান।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এস. এম. মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বল্প সময়ে যে অসামান্য সৃষ্টিকর্ম রেখে গেছেন, তা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, জাতীয় জীবন, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বিকাশে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দীর্ঘ ও সুস্থ জীবন পেলে বাংলা সাহিত্য ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হতো।তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর মাত্র ২২ বছরের সৃজনশীল জীবনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য সাহিত্য ও সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যক্তিগত জীবনে নানা দুঃখ-কষ্ট ও আর্থিক সংকটের মধ্যেও তাঁর সৃষ্টিশীলতা থেমে থাকেনি। প্রতিকূলতার মধ্যেও নজরুলের জীবন ও সাহিত্য প্রতিভা বিকাশের এক অনন্য দৃষ্টান্ত।অনুষ্ঠানে সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মো. ছাব্বির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, গান ও অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরেন।দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাঁর মানবতাবাদী ও অসাম্প্রদায়িক আদর্শ সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

The post সিরাজগঞ্জে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ