শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ প্রেসক্লাবে ৩৫ নতুন সদস্যকে বরণ,সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতার আহ্বান

১৯ আগস্ট, ২০২৬ এ ৮:০১ AM

সিরাজগঞ্জ প্রেসক্লাবে ৩৫ নতুন সদস্যকে বরণ,সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতার আহ্বান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্যদের নাম প্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন ও পুনর্বহালসহ মোট ৩৫ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হকের সঞ্চালনায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। তিনি জানান, সদস্য হওয়ার জন্য মোট ৪৫ জন আবেদন করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন। আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩৩ জনকে নতুন সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। পাশাপাশি বিনা কারণে সদস্যপদ বাতিল হওয়া দুই পুরোনো সদস্যকে পুনরায় সদস্যপদ দেওয়া হয়। ফলে নতুন ও পুনর্বহালসহ মোট ৩৫ জন প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

সাধারণ সম্পাদক বলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই নতুন সদস্যদের প্রেসক্লাবের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি সাংবাদিকতার মর্যাদা ও পেশাগত দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি নবাগত সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানান।তিনি আরও বলেন, আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়গুলো পর্যালোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন সদস্যদের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সদস্যপদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সভাপতির বক্তব্যে হারুন অর রশিদ খান হাসান বলেন, “সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য হওয়া আগে মোটেও সহজ ছিল না। তবে এটি সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। যারা সদস্য হওয়ার যোগ্যতা রাখেন, তাদেরই সদস্য হওয়ার অধিকার রয়েছে।”তিনি নবাগত সদস্যদের সতর্ক করে বলেন, “আপনারা সততার সঙ্গে কাজ করবেন। কেউ প্রেসক্লাবের সদস্যপদের অপব্যবহার করবেন না। প্রেসক্লাবের মান, মর্যাদা ও সুনাম ধরে রাখার চেষ্টা করবেন। প্রত্যেক সদস্যকে নিয়মিত প্রেসক্লাবে আসতে হবে এবং প্রেসক্লাবের নিয়ম-কানুন মেনে চলতে হবে।”তিনি আরও বলেন, “কেউ যদি ক্ষমতার বা সদস্যপদের অপব্যবহার করেন, তাহলে তার সদস্যপদ বাতিল করা হবে।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি জেহাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম রইচী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, কার্যকরী সদস্য হেলাল আহমেদ, মো. নুরুল ইসলাম বাবু, মো. জাকিরুল ইসলাম সান্টু, সোহাগ হোসেন জয় এবং প্রেসক্লাবের পুরোনো ও নবাগত সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষে নতুন ও পুনর্বহালসহ মোট ৩৫ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের সাংবাদিকতার ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধ বজায় রাখার পাশাপাশি প্রেসক্লাবের মান-মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রেখে কাজ করার আহ্বান জানানো হয়।

The post সিরাজগঞ্জ প্রেসক্লাবে ৩৫ নতুন সদস্যকে বরণ,সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতার আহ্বান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ