শাহজাদপুর সংবাদ

সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং

২১ অক্টোবর, ২০২৬ এ ৯:৪০ AM

সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তিন শুটারের মূল টার্গেট ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। কিন্তু বান্দ্রায় সালমানের বাসভবনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখে সেই পরিকল্পনা বাতিল করে তারা টাইগার শ্রফকে অপেক্ষাকৃত সহজ লক্ষ্য হিসেবে বেছে নেয়।

মুম্বাইয়ের জুহু এলাকায় রবিবারের ওই গুলিবর্ষণের ঘটনায় টাইগার শ্রফ অক্ষত থাকলেও তার চালক ও এক পথচারী আহত হন।

পুলিশের সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযুক্ত শুটাররা প্রথমে সালমান খানের বান্দ্রার বাসভবনের আশপাশে রেইকি করেছিলেন। তবে সেখানে নিরাপত্তার কড়াকড়ি থাকায় তারা পিছু হটেন। এরপর অপেক্ষাকৃত সহজ লক্ষ্য খুঁজতে সোশ্যাল মিডিয়া ও ইনস্টাগ্রামের মাধ্যমে টাইগার শ্রফের গতিবিধি এবং তার ভক্তদের শেয়ার করা বিভিন্ন ভিডিও ও পোস্ট মনিটর করতে শুরু করে হামলাকারীরা। পরবর্তীতে টাইগার শুটিং বা অন্য কাজে বের হওয়ার সময় তার গাড়ির ওপর হামলা চালানো হয়।

ঘটনার পর হামলাকারীরা প্রথমে গুজরাটের সুরাটে পালিয়ে যায় এবং সেখান থেকে ট্রেনে করে জয়পুরের উদ্দেশে রওনা দেয়। তাদের পরিকল্পনা ছিল বাস ধরে নতুন দিল্লি হয়ে নেপালে পালিয়ে যাওয়া। তবে মুম্বাই পুলিশের তৎপরতায় রাজস্থানের কোটা থেকে এই ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ধৃতদের মধ্যে দুজনকে বিহারের বেগুনসরাইয়ের রিতিক ওরফে রোশন এবং হরিয়ানার সোনিপতের রেহান হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রেহান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সহযোগী অনিল পণ্ডিদের সংস্পর্শে ছিল। ঘটনার পর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার দাবিদার এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও অডিও বার্তা দিয়ে হামলার দায় স্বীকার করে।

উল্লেখ্য, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমান খানের দীর্ঘদিনের শত্রুতা চলে আসছে। এর আগেও সালমানের বাড়িতে একাধিকবার হুমকি ও হামলার ঘটনা ঘটেছিল। এই চলমান উত্তেজনার মধ্যেই এবার টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বলিপাড়ায় নতুন আতঙ্ক তৈরি করেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ