শাহজাদপুর সংবাদ

শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠার হামলা,লাশের ওপর নৃত্য করা হয়েছিল: অধ্যক্ষ শাহিনুর আলম

২৯ অক্টোবর, ২০২৬ এ ৮:১০ AM

শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠার হামলা,লাশের ওপর নৃত্য করা হয়েছিল: অধ্যক্ষ শাহিনুর আলম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট:

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম অভিযোগ করে বলেন, শেখ হাসিনার নির্দেশে সেদিন লগি-বৈঠা দিয়ে হামলা চালানো হয়েছিল। হামলায় নিহতদের লাশের ওপর নৃত্য করার ঘটনাও ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর সিরাজগঞ্জ শহরের দরগা রোডে অবস্থিত জেলা জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। এ সময় জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বক্তব্যে অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল চারদলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন। ওই দিন বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলার সময় লগি-বৈঠা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। দিনভর সংঘর্ষে তাঁদের ছয়জন নেতাকর্মী নিহত হন বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, ওই হামলার পেছনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বের নির্দেশনা ছিল।

তিনি আরও বলেন, সেদিনের ঘটনা দেশের রাজনীতিতে একটি কালো অধ্যায়ের সূচনা করেছিল। দীর্ঘ সময় ধরে দেশের মানুষ এর রাজনৈতিক ও সামাজিক প্রভাব বহন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পর দেশ নতুন পথে এগিয়ে যাবে বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু দলীয়করণ, নিয়োগে পক্ষপাতিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, সরকারকে জনগণের দুর্ভোগ লাঘব, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ দিতে চায় জামায়াত। তবে দেশে আবারও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা হলে তা প্রতিহত করার কথাও বলেন তিনি।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের সমাবেশে হামলার ঘটনায় তাঁদের ছয়জন সহযোদ্ধা নিহত হয়েছিলেন। পরবর্তী সময়ে আরও মানুষের মৃত্যুর ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান নেতারা। এ সময় সদর থানা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম, পৌর আমির মো. আব্দুল লতিফ, পৌর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The post শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠার হামলা,লাশের ওপর নৃত্য করা হয়েছিল: অধ্যক্ষ শাহিনুর আলম appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ