শাহজাদপুর সংবাদ

শুরু হলো কপ-৩১: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের

১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৪০ AM

শুরু হলো কপ-৩১: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ-৩১ এর প্রথম দিনের আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা, কৃষি, জনস্বাস্থ্য ও পানির সংকট মোকাবিলার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। তুরস্কের আনতালিয়ায় সোমবার শুরু হওয়া এ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং খাদ্য অপচয় রোধের বিষয়েও আলোচনা হয়েছে।

সম্মেলনের মূল কূটনৈতিক আলোচনার ক্ষেত্র ‘ব্লু জোন’ এবং নাগরিক সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত ‘গ্রিন জোন’-এর বিভিন্ন কর্মশালা ও সংলাপে এসব বিষয় উঠে আসে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য খাদ্যব্যবস্থা ও কৃষির সুরক্ষা, নিরাপদ পানি এবং অভিযোজনের অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ব্লু জোনের প্রথম দিনের কর্মসূচিতে বৈরী আবহাওয়া, দীর্ঘস্থায়ী খরা, বন্যা ও মাটির লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপর তৈরি হওয়া ঝুঁকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার পাশাপাশি কৃষি ও বর্জ্য খাত থেকে নির্গত মিথেন গ্যাসের নিঃসরণ কমাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

গ্রিন জোনেও জলবায়ু সহনশীল কৃষি, পানি ব্যবস্থাপনা, খাদ্য অপচয় রোধ, স্বাস্থ্য অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি এবং সৌরবিদ্যুৎ ও হাইড্রোজেন শক্তিসহ পরিচ্ছন্ন জ্বালানির প্রযুক্তি ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক শাহ ইশরাত আজমেরি বলেন, শুধু আমাদের বাংলাদেশই নয়, সারা বিশ্বই খাদ্যসংকটের মুখে রয়েছে। কপ-৩১-এর উদ্বোধনী দিনের আলোচনায় দুটি জোনেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। বন্যাপ্রবণ দেশ হিসেবে আমাদের জন্য এই সংকট আরও উদ্বেগের। আমরা জলবায়ু তহবিলের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছি।

জলবায়ু পরিবর্তনের কারণে বছরে ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির হিসাব তুলে ধরে এবারের সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ বা ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আগেই জানিয়েছেন, বাংলাদেশ শুধু নিজের জন্য নয়, বরং ঝুঁকিতে থাকা সব দেশের জন্যই তহবিলের পরিমাণ বাড়ানোর দাবি তুলবে।

এদিকে সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিনি সম্মেলনের উচ্চ পর্যায়ের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ