শাহজাদপুর সংবাদ

‘কোনও কারণেই যাবেন না’, ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

১০ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৩ AM

‘কোনও কারণেই যাবেন না’, ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। দেশগুলো হলো- ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ছয়টি দেশই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৪’-এর আওতায় রয়েছে। এই সতর্কতার অর্থ, কোনও কারণেই দেশগুলোতে ভ্রমণ করা উচিত নয়।

পোস্টে বলা হয়, স্থানীয় পরিস্থিতি এবং সেখানে মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের সীমিত সক্ষমতার ভিত্তিতে লেভেল ৪ সতর্কতা জারি করা হয়েছে। এতে আরও বলা হয়, ‘এই স্থানগুলো বিপজ্জনক। কোনও কারণেই সেখানে যাবেন না’।

এদিকে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় থাকা ২৩টি দেশের তালিকায় আরও রয়েছে আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদান।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ