শুরু থেকে শেষ: শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে হারল বাংলাদেশ
৩ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৬ AM

শুভ সকাল! এখনও অবশ্য বাংলাদেশে ভোর। তবে কারও কারও কাছে তো ক্রিকেট ব্যাপারটাই ‘শুভ’। আর আজ বাংলাদেশ নামছে এশিয়ান গেমসের ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে। গত পরশু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে সেমিতে রীতিমতো বিধ্বস্ত করেছে ভারত।
টস হেরে গেছে বাংলাদেশ। তাদের আগে ফিল্ডিং করতে হবে। সেমিতে বৃষ্টির বাধায় ম্যাচ হয়েছিল ১৩ ওভারে, আজ সেটি হচ্ছে না। ম্যাচ হচ্ছে পুরো ২০ ওভারের।
বাংলাদেশের হয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হচ্ছে রহস্য স্পিনার আলিস আল ইসলামের। তাঁকে জায়গা দিতে একাদশে নেই শরীফুল ইসলাম। আজ দলের একমাত্র পেসার আগের ম্যাচে ২ ওভারে ৪১ রান দেওয়া মোস্তাফিজুর রহমান। এছাড়া ইয়াসির আলী খেলছেন মোসাদ্দেক হোসেনের বদলে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান
প্রথম ওভারটা করেছিলেন মেহেদী হাসান, কোনো বাউন্ডারি দেননি। পরের ওভারে বাউন্ডারি হজম করেননি অভিষিক্ত আলিস আল ইসলামও। তৃতীয় ওভারের প্রথম বলেই উইকেটের দেখা পেয়ে গেছে বাংলাদেশ। ৯ বলে ৩ রান করা সিনাথ জয়াসুরিয়াকে বোল্ড করে দিয়েছেন মেহেদী। একই ওভারের পঞ্চম বলে ক্রসপুল্লে ক্যাচ দিয়েছেন ইয়াসিরের হাতে। এক ওভারেই ২ উইকেট পেলেন মেহেদী।
শ্রীলঙ্কা: ২.১ ওভারে ৭/১
এবার আলিস আল ইসলামের ওভারেও এল দুই উইকেট। দুটিই অবশ্য তাঁর নয়। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফার্নান্দোকে ক্যাচ দিতে বাধ্য করেন উইকেটের পেছনে। সেটিই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট আলিসের। এই ওভারের পঞ্চম বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে গেছেন সোহান ডি লিভেইরা।
শ্রীলঙ্কা: ৪ ওভারে ২১/১
৩.৫ ওভারে ২১ রানেই ছিল ৪ উইকেট। সেখান থেকে এখন ১০ ওভারশেষে তাদের রান ৫৪, উইকেট ওই চারটিই। ইনিংসের মাঝপথে এসে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে শ্রীলঙ্কা। আরাচাগে ও বান্দারে মিলে তাদের লড়াই করার পুঁজি এনে দেওয়ার পথে তুলেছেন। দুজনের ৩৭ বলের জুটিতে এসেছে ৩০ রান।
জুটিটা একটু একটু করে অস্বস্তিই বাড়াচ্ছিল। এবার তা ভেঙে দিয়েছেন রিশাদ। তাঁর বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন ২৪ বলে ১৮ রান করা বান্দারা। রিশাদের লাফিয়ে ওঠা বলে সুইপ করতে গেলে টাইমিংটা ঠিকঠাক হয়নি, ক্যাচ নিয়েছেন মোস্তাফিজুর রহমান। আরচাগের সঙ্গে বান্দারের জুটি ছিল ৪০ বলে ৩৩ রানের।
শ্রীলঙ্কা: ১০.২ ওভারে ৫৩/৪
পাকিস্তানের বিপক্ষে ১ ওভারেই ২৩ রান দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের জন্য ম্যাচটাও শেষ হয়ে গিয়েছিল সেখানেই। আজ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসের ব্রোঞ্জের লড়াইয়ে মোস্তাফিজই দলের একমাত্র পেসার।
তাঁকে ইনিংসের ১৪ ওভারে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক লিটন দাস। কিন্তু আজ তিনি ছাড়িয়ে গেলেন আগের ম্যাচকেও। এক ওভারেই দিয়েছেন ২৫ রান। অথচ তাঁর আগে যে ১৩ ওভার বোলিং হয়ে গেছে, শুধু পার্ট টাইমার সাইফ হাসান ছাড়া কেউই ছয়ের উপর রান দেননি।
প্রথম দুই বলে চার হজম করার পর বাকি চার বলের তিনটিই ডট করেন, বাকি একটিতে হজম করেন ছক্কা। কিন্তু নো বল–ওয়াইড মিলিয়ে ২৫ রান দিয়ে ফেলেছেন মোস্তাফিজ।
শ্রীলঙ্কা : ১৪. ৫ ওভারে ১০৪/৫
যা ইচ্ছে, তাই যেন করছেন থারিন্দু রত্নায়েকে। ২৭ বলে ফিফটি পেয়েছেন। শেষ ৫ ওভারে এসেছে ৮৩ রান। একের পর এক বাউন্ডারি আসছে, বাংলাদেশ যেন অসহায়ই হয়ে পড়েছে!
বলতেই বলতেই রত্নায়েকে আউট করেছেন মোস্তাফিজ। তবে রিশাদের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৫ রান করে ফেলেছেন।
শ্রীলঙ্কা: ১৮.১ ওভারে ১৪৭/৬
২১ রানে ছিল না ৪ উইকেট। ১০ ওভারে রান কেবল ৫১। অথচ শ্রীলঙ্কার ইনিংস শেষে তা বোঝার উপায় কী!
শেষ ১০ ওভারে দুর্দান্ত ব্যাটিং তো তারা করেছেই, বাংলাদেশের বোলাররাও ছিলেন এলোমেলো। ঝড়ের শুরুটা হয়েছিল মোস্তাফিজুর রহমানের করা ১৪তম ওভার দিয়ে। ওই ওভারেই ২৫ রান দিয়েছিলেন মোস্তাফিজ। নিজের প্রথম দুই ওভারে ৯ রান দেওয়া রিশাদও শেষ দুই ওভারে দেন ৩৭ রান।
একের পর এক বাউন্ডারিও হজম করেন তারা। শ্রীলঙ্কা পুরো ২০ ওভার খেলে থেমেছে ৯ উইকেটে ১৬৫ রানে। জয়ের পথটা এখন দূরেরই মনে হচ্ছে, ব্যাটসম্যানরা তা কাছে আনতে পারেন কি না সেটিই দেখার।
অবিশ্বাস্য!
বোলিংয়ে যে খারাপ অবস্থায় শেষটা হয়েছিল, ব্যাট হাতেও যেন সেটি টেনে নিয়ে এসেছে বাংলাদেশ। কোনো রান করার আগেই আউট হয়ে গেছেন দুই ওপেনার!
প্রথম ওভারে টানা ৫ বল ডট দিয়ে নুয়ান থুসারার বলে সাইফ হাসান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। পরের ওভারের দ্বিতীয় বলে লং অফে ক্যাচ দিয়েছেন তানজিদ হাসানও। তবে এই ওভারের শেষ বলে বাউন্ডারি পেয়েছেন পারভেজ হোসেন, বাংলাদেশও পেয়েছে প্রথম রান।
বাংলাদেশ: ২ ওভারে ৪/২
দুই ওপেনারের পর শূন্য রানে আউট হয়ে গেছেন অধিনায়ক লিটন দাসও। থুসারার ইয়র্কারে বোল্ড হয়ে গেছেন তিনি। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার পর বাংলাদেশ পড়ে গেছে ভয়াবহ বিপদে। জয়ের জন্য তাদের প্রয়োজন ১৬৬ রান।
বাংলাদেশ : ২.৩ ওভারে ৯/৩
টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে। তারপর যতটুকু আশা ছিল, তা তাওহিদ হৃদয়কে নিয়ে। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। কিন্তু আজ বিপর্যয়ের সময় ৬ বলে ১১ রান করে আউট হয়ে গেছেন।
১৬৬ রান তাড়া করতে নামা দলকে এখন আর তাহলে বাঁচাবেন কে?
বাংলাদেশ: ৪.২ ওভারে ২৩/৪
পরপর দুই বলে আউট হয়ে গেছেন পারভেজ হোসেন ও মেহেদী হাসান। দুজনের ক্যাচই গিয়েছে উইকেটের পেছনে। মেহেদী বেশ অসন্তুষ্টই ছিলেন আম্পায়ারের সিদ্ধান্তে, ব্যাটে বল লাগেনি বলে বিশ্বাস ছিল তাঁর। কিন্তু তাতে কী!
বাংলাদেশ ৬৪ রান করতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে। তাদের করতে হবে ১৬৬ রান। হারটা এখন সময়ের ব্যাপারই মনে হচ্ছে একরকম!
বোলিংয়ে হতাশার পর ব্যাট হাতেও বিপর্যয় ঘটল বাংলাদেশের। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার পর ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে গেছে তারা। ম্যাচ হেরেছে ৬৩ রানে। ব্যবধানটা আরও বড় হতো ৯ নম্বরে নামা নাসুম ২৮ বলে ২৬ রান না করলে।
শ্রীলঙ্কার বিপক্ষে এই হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশ। এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে মেয়েদের পর ছেলেরাও এই প্রথম খালি হাতে ফিরছে। আইচি–নাগোয়ার এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি উশুতে জেতা ব্রোঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৯ (রত্নায়েকে ৬৫, আরাচাগে ৩৩, বান্দারা ১৮; মেহেদী ২/১৯, সাইফ ২/২৮, মোস্তাফিজ ২/৪৩, রিশাদ ১/৪৬)
বাংলাদেশ: ১৭.৩ ওভারে ১০২ (নাসুম ২৬, ইয়াসির ২১, পারভেজ ২০, হৃদয় ১১, রিশাদ ১০; থুসারা ২/১৮. রত্নায়েকে ২/১৮, ভিয়াসকান্ত ২/২৬, সাহান ২/১৭)
ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গেইলকে পেছনে ফেলে টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড লুয়ানের
৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
লিটনদের এ কোন রূপ, শ্রীলঙ্কা ‘বি’ দলের কাছে বড় হারে জুটল না ব্রোঞ্জও
৩ অক্টোবর, ২০২৬ এ ৯:২৯ AM · প্রথম আলো
৯ গোলে হেরে বাংলাদেশের দুই ফুটবলার ‘নাইট ক্লাবে’! কী বলছেন তারা?
২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭ PM · বাংলা ট্রিবিউন
