ডার্বির নাইট ক্লাব–কাণ্ডে অভিযুক্ত ব্রাইডন কার্স
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯ AM

ডার্বির সেই নাইট ক্লাবের ঘটনায় বিপাকে পড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স। ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে এই পেসারকে অভিযুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটে (ইসিবি) আচরণবিধি ও শৃঙ্খলা দেখভাল করা সংস্থা ক্রিকেট রেগুলেটর। ৩১ বছর বয়সী এই পেসার আচরণবিধির ৩.২ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ক্রিকেট রেগুলেটরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিষয়টি এখন সিদ্ধান্তের জন্য স্বাধীন ডিসিপ্লিন প্যানেলের কাছে পাঠানো হবে। যেহেতু প্রক্রিয়াটি চলমান, তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।’
কার্স ঘটনাটি ঘটিয়েছেন গত ২৩ আগস্ট। এর আগের দিন ডার্বিশায়ারের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে জিতেছিল ডারহাম। জয় উদ্যাপন করতে সতীর্থদের সঙ্গে নাইটক্লাবে যান কার্স। সেখানেই ঘটে বিপত্তি। মাতাল ও বিশৃঙ্খল আচরণের সন্দেহে কার্সকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কার্সকে হাতকড়া পরিয়ে নাইট ক্লাব থেকে বের করে নিতে দেখা যায়। ভিডিওতে তাঁর সতীর্থ বেন স্টোকস ও ম্যাথু পটসকেও দেখা যায়।
পরে ডার্বিশায়ার পুলিশ বিষয়টি তদন্ত করে। কার্সের বিরুদ্ধে হামলার একটি অভিযোগও খতিয়ে দেখা হয়। তবে গত মাসে সেই তদন্ত বন্ধ করে দেয় পুলিশ।তবে এর আগেই নাইট ক্লাব–কাণ্ডের প্রভাব পড়ে কার্সের ক্যারিয়ারে। পাকিস্তানের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়। এরপর ইংল্যান্ডের আর কোনো স্কোয়াডেও তাঁকে রাখা হয়নি। তবে ডারহামের হয়ে খেলেছেন কার্স।
দলটির দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।এর আগে কার্সের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। সর্বশেষ অ্যাশেজে তৃতীয় টেস্টে হারের পর তাঁকে অ্যাডিলেডে বাইরে দেখা যায়। তখন অধিনায়ক বেন স্টোকস খেলোয়াড়দের টিম হোটেলে থাকার নির্দেশ দিয়েছিলেন।
ইংল্যান্ড সর্বশেষ সিরিজ খেলেছে শ্রীলঙ্কার সঙ্গে। এই সিরিজে কার্সের না থাকা নিয়ে কথা বলেছিলেন সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক, ‘তার কিছু সময় দূরে থাকা দরকার ছিল। সে পর্দার আড়ালে কিছু বিষয় নিয়ে কাজ করছে। আশা করি, ভবিষ্যতে সে ফিরতে প্রস্তুত হবে।’
অভিযুক্ত কার্সকে এখন ডিসিপ্লিন প্যানেলের সামনে হাজির হতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুনানি হতে পারে। সেখানেই তাঁর শাস্তি নির্ধারণ করা হবে। ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, কার্সের দীর্ঘ মেয়াদের নিষেধাজ্ঞাও হতে পারে। আবার শুধু তিরস্কার করাও হতে পারে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গেইলকে পেছনে ফেলে টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড লুয়ানের
৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
লিটনদের এ কোন রূপ, শ্রীলঙ্কা ‘বি’ দলের কাছে বড় হারে জুটল না ব্রোঞ্জও
৩ অক্টোবর, ২০২৬ এ ৯:২৯ AM · প্রথম আলো
৯ গোলে হেরে বাংলাদেশের দুই ফুটবলার ‘নাইট ক্লাবে’! কী বলছেন তারা?
২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭ PM · বাংলা ট্রিবিউন
