গেইলকে পেছনে ফেলে টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড লুয়ানের
৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ AM

ব্যাটিং করা তাঁর খুব প্রিয়। অনুশীলন করেন বক্সারের মানসিকতায়। ব্লুমফন্টেইনে গতকাল রাতে লুয়ান-ড্রে পিটোরিয়াসের ভেতর থেকে সেই ‘বক্সার’ই বুঝি বেরিয়ে এসেছিল!
সিএসএ টি২০ চ্যালেঞ্জে নাইটসের মুখোমুখি হয় টাইটানস। আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৬৭ তোলা টাইটানসের হয়ে ৭৯ বলে ১৮৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন লুয়ান-দ্রে পিটোরিয়াস। ছেলেদের টি-টুয়েন্টিতে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের বিশ্ব রেকর্ড। তবে আর ১২টি রান করতে না পারার আক্ষেপ থাকবে লুয়ানের। তাহলেই যে এই সংস্করণে প্রথম ডাবল সেঞ্চুরিটি দেখা যেত ২০ বছর বয়সী এই তরুণের ব্যাট থেকে।
লুয়ানের আগে বিশ্ব রেকর্ডটির মালিক ছিলেন ক্রিস গেইল। ২০১৩ আইপিএলে অধুনালুপ্ত পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে ১৭৫ রানের ইনিংসে অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা গেইলের সেই রেকর্ড ভাঙল ১৩ বছর পর।
বাঁহাতি এ ওপেনার ফিফটি তুলে নেন ২৪ বলে। সেঞ্চুরি পেতে লেগেছে আরও ১৬ বল। দেড় শ রানের কোটা পার হন ৫৮ বলে। নাইটস ১৪৩ রানে অলআউট হওয়ায় ১২৪ রানের দারুণ জয়ও পায় তাঁর।
ছেলেদের টি-টুয়েন্টিতে বলের হিসাবে যৌথভাবে দীর্ঘতম ইনিংসের রেকর্ডও এখন লুয়ানের দখলে। ২০১৮ সালে অ্যারন ফিঞ্চ সারের হয়ে সাসেক্সের বিপক্ষে এবং ২০২০ সালে মার্কাস স্টয়নিস মেলবোর্ন স্টারসের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭৯ বলের ইনিংসে অপরাজিত থেকে যান। সেঞ্চুরি পেয়েছিলেন দুজনই। ছয় বছর পর এই ক্লাবে যোগ হলো নতুন সদস্য।
লুয়ানের ১৩ ছক্কা ও ১৫ চারে সাজানো ইনিংসের কল্যাণে এই প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর পেয়ে যায় টাইটানস। সর্বোচ্চ রানের রেকর্ডটিও (৩ উইকেটে ২৭১) তাদের।
২০২৬-২৭ মৌসুমে প্রিটোরিয়াসের এটা প্রথম ম্যাচ। গত মাসে নামিবিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ৯৪ ও ১০১ রানের ইনিংস দুটির ফর্ম এখানেও টেনে আনলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে এ পর্যন্ত ২২টি (২ টেস্ট, ৩ ওয়ানডে, ১৭ টি-টুয়েন্টি) আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রিটোরিয়াস। টি-টুয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৫৪.৫৮।
দক্ষিণ আফ্রিকার স্কুল ক্রিকেটে আলো ছড়িয়ে ১৭ বছর বয়সে পেশাদার ক্রিকেটে পা রাখেন লুয়ান। গত বছর জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরিতেও রেকর্ড গড়েছিলেন। দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে লুয়ান এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ১৯ বছর ৯৩ দিন বয়সে রেকর্ডটি গড়েন লুয়ান। প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর শুরু হয়েছিল সেঞ্চুরিতে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেট অভিষেকে টাইটানসের হয়ে ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১২০ রান করেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
লিটনদের এ কোন রূপ, শ্রীলঙ্কা ‘বি’ দলের কাছে বড় হারে জুটল না ব্রোঞ্জও
৩ অক্টোবর, ২০২৬ এ ৯:২৯ AM · প্রথম আলো
৯ গোলে হেরে বাংলাদেশের দুই ফুটবলার ‘নাইট ক্লাবে’! কী বলছেন তারা?
২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭ PM · বাংলা ট্রিবিউন
