শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে স্বাস্থ্য কর্মকর্তাদের গান ও কবিতা শোনালো প্রতিবন্ধী শিশুরা

১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৩ AM

শাহজাদপুরে স্বাস্থ্য কর্মকর্তাদের গান ও কবিতা শোনালো প্রতিবন্ধী শিশুরা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রাসাদে অবস্থিত সিএসএফ সেন্টার পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. হাবিদুর রহমান এবং উপপরিচালক মো. হাবিবুর রহমান।

পরিদর্শনকালে সেন্টারের প্রতিবন্ধী শিশু-কিশোররা আগত অতিথিদের কবিতা ও গান শোনানোর পাশাপাশি বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিএসএফ সেন্টার পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাঁরা সেন্টারের সেবার মান, পুনর্বাসন ব্যবস্থা এবং সহায়তা সংক্রান্ত নানান দিক নিয়ে দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. নূরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা. ফারিহা এবং এইচ. আর. প্রফেসর মতিন আই কেয়ারের সিনিয়র ম্যানেজার আব্দুল মোমিন বাবলুসহ স্বাস্থ্য বিভাগ ও সিএসএফ সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেন্টারের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও পুনর্বাসন প্রক্রিয়া আরও বেগবান করার ওপর তাগিদ দেন তাঁরা।

সূত্র: Amar Sangbad

সম্পর্কিত সংবাদ