শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৩ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে আরিফ শিকদার (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটে।

নিহত আরিফ শিকদার শাহজাদপুর পৌর শহরের মৃত মোক্তার শিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী শ্রমিকের কাজ করতেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।

জানা যায়, আজ সকালে প্রান্নাথপুর গ্রামের নিজ শয়ন কক্ষে আরিফ শিকদারের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

নিহতের মা খুকুমনি বেগম বলেন, ‘আমার ছেলে আরিফ রাজমিস্ত্রীর কাজ করতো। বেশ কিছুদিন পূর্বে সে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে ছিল। একটু সুস্থ হয়ে কাজে ফিরলে দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পায়, একারণে সে বিছানায় শয্যশায়ী ছিল। গতকাল রাতে খাবার খেয়ে আমাকে তার শারীরিক কষ্টের কথা বলে কান্না করছিল। পরে আমি তাকে শান্তনা দিলে সে ঘুমানোর চেষ্টা করে। আজ সকালে আরিফ ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করা হলে তার সাড়া পাওয়া যায় না। পরে দরজা ভেঙে আমরা ঘরে ঢুকে দেখি তার লাশ ঝুলছে।’

এলাকাবাসী জানান, আরিফ দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। সকালে তাদের বাড়ি থেকে চিৎকার ও কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয়রা উপস্থিত হয়ে দেখেন, আরিফের লাশ ঝুলছে। অসুস্থতার কারণে হতাশাগ্রস্থ হয়ে রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, সকাল ১০টায় আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। সন্দেহাতীত কোন কিছু না পাওয়ায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত আরিফের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: সময়ের কণ্ঠস্বর

সম্পর্কিত সংবাদ