শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে কোটি টাকার সরকারি খাস জমি দখল করে নির্মাণকাজ, সরঞ্জাম জব্দ

৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৩১ PM

শাহজাদপুরে কোটি টাকার সরকারি খাস জমি দখল করে নির্মাণকাজ, সরঞ্জাম জব্দ

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নির্মাণকাজে ব্যবহৃত রডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের নূর সুপার মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম।স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে গতকাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ রাশেদ হাসান লিখন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজ বন্ধ রাখার পাশাপাশি মার্কেট মালিকপক্ষকে পরদিন প্রয়োজনীয় বৈধ কাগজপত্রসহ উপজেলা ভূমি অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের ওই নির্দেশ উপেক্ষা করে রোববার সকালেও রাজমিস্ত্রিদের দিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হয়।বিষয়টি জানতে পেরে বিকেলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম। সেখানে তিনি নির্মাণকাজ চলমান অবস্থায় দেখতে পান এবং প্রশাসনের নির্দেশ অমান্য করার সত্যতা পান।পরে তিনি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে নির্মাণকাজে ব্যবহৃত রডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই স্থানে সব ধরনের নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন।স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গা দখল করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার মাধ্যমে সরকারি সম্পত্তি বেদখলের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সরকারি জমি উদ্ধারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি জবরদখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট জমির কাগজপত্র যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

The post শাহজাদপুরে কোটি টাকার সরকারি খাস জমি দখল করে নির্মাণকাজ, সরঞ্জাম জব্দ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ