শাহজাদপুর সংবাদ

শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন

১৮ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM

শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন

বন্ড, জেমস বন্ড। কখনো সুদর্শন, মার্জিত ও রসিক এক ব্রিটিশ গুপ্তচর; কখনো দুর্ধর্ষ অ্যাকশন হিরো, কখনো আবার নারীসঙ্গপ্রিয়, আত্মবিশ্বাসী এক দুঃসাহসী পুরুষ। ছয় দশকের বেশি সময় ধরে হলিউডের অন্যতম জনপ্রিয় এই চরিত্রকে পর্দায় তুলে ধরেছেন ছয় অভিনেতা। প্রত্যেকেই নিজের মতো করে বদলে দিয়েছেন জেমস বন্ডকে। কারও হাতে চরিত্রটি পেয়েছে আভিজাত্য, কারও হাতে রসিকতা, কারও হাতে এসেছে নিষ্ঠুরতা ও মানবিক দুর্বলতা।

এবার সেই ধারায় যুক্ত হচ্ছেন রবার্ট প্যাটিনসন। ২০২৬ সালের ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিও আনুষ্ঠানিকভাবে তাঁকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করেছে। ৪০ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা হবেন পর্দার সপ্তম আনুষ্ঠানিক ০০৭। তাঁর প্রথম বন্ড ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট। ছবিটি ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

কিন্তু প্যাটিনসনের আগে কারা ছিলেন এই চরিত্রে? তাঁদের অভিনয়ের ধরন কেমন ছিল? কোন বন্ড সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন, কার ছবি ব্যবসার রেকর্ড গড়েছে, আর কাকে ঘিরেই–বা তৈরি হয়েছিল সবচেয়ে বেশি বিতর্ক? জেমস বন্ডের সেই ছয় অধ্যায়ের গল্প আসলে হলিউডের ছয় দশকের ইতিহাসও।

শন কনারি: বন্ড চরিত্রের আভিজাত্যের জনক ১৯৬২ সালে ‘ড. নো’ দিয়ে বড় পর্দায় জেমস বন্ডের যাত্রা শুরু। আর সেই যাত্রার মুখ ছিলেন স্কটিশ অভিনেতা শন কনারি। ইয়ান ফ্লেমিংয়ের উপন্যাসের চরিত্রকে পর্দায় এনে তিনি এমন এক ছাঁচ তৈরি করেছিলেন, যেখান থেকে পরবর্তী বন্ডদের বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে।

কনারির বন্ড ছিলেন আত্মবিশ্বাসী, রুচিশীল, রসিক এবং বিপজ্জনক। নিখুঁত স্যুট, হাতে মার্টিনি, মুখে ঠান্ডা হাসি—প্রতিপক্ষকে পরাস্ত করার আগে তাঁকে কথার লড়াইয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতাও ছিল এই বন্ডের। ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’, ‘গোল্ডফিঙ্গার’, ‘থান্ডারবল’ ও ‘ইউ অনলি লিভ টোয়াইস’-এর মতো ছবিতে তাঁর অভিনয় চরিত্রটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।

বিশেষ করে ১৯৬৪ সালের ‘গোল্ডফিঙ্গার’ বন্ড সিরিজের ভাষা ও কাঠামো নির্ধারণ করে দেয়। অদ্ভুত সব অস্ত্র, প্রযুক্তিনির্ভর গ্যাজেট, ভয়ংকর খলনায়ক, আকর্ষণীয় নারী চরিত্র এবং দুর্ধর্ষ গাড়ি—সব মিলিয়ে বন্ড হয়ে ওঠেন আন্তর্জাতিক বিনোদনজগতের এক বিশাল ব্র্যান্ড।

তবে কনারির বন্ডকে আজকের চোখে দেখলে কিছু অস্বস্তিকর দিকও চোখে পড়ে। নারী চরিত্রের প্রতি তাঁর আচরণ, জবরদস্তিমূলক রোমান্টিক মুহূর্ত এবং পুরুষতান্ত্রিক মনোভাব নিয়ে আধুনিক দর্শকের সমালোচনা রয়েছে। কনারির নিজেরও নারীর প্রতি সহিংসতা নিয়ে অতীতে বিতর্কিত মন্তব্য ছিল। ফলে তাঁর বন্ডকে ঘিরে এখন আলোচনা হয় দুই দিক থেকেই—একদিকে চরিত্রটিকে জনপ্রিয় করার অসামান্য অবদান, অন্যদিকে সেই সময়ের পুরুষতান্ত্রিক সংস্কৃতির প্রতিফলন।

১৯৭১ সালের ‘ডায়মন্ডস আর ফরএভার’-এর পর তিনি মূল ধারার বন্ড সিরিজ থেকে সরে যান। তবে ১৯৮৩ সালে ‘নেভার সে নেভার অ্যাগেইন’ ছবিতে আবারও বন্ড হয়ে ফেরেন। এটি মূল ইয়ন প্রোডাকশনস ধারার ছবি ছিল না। ২০২০ সালে ৯০ বছর বয়সে মারা যান কনারি।

বন্ড চরিত্রের আভিজাত্য, আত্মবিশ্বাস ও পর্দার ব্যক্তিত্বের যে মানদণ্ড তৈরি হয়েছিল, তার সবচেয়ে বড় কৃতিত্ব কনারির।

জর্জ ল্যাজেনবি: এক ছবির বন্ড, তবু ইতিহাসে অমরশন কনারির পর বন্ড হওয়া সহজ ছিল না। ১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ ছবিতে সেই কঠিন দায়িত্ব নেন অস্ট্রেলীয় অভিনেতা জর্জ ল্যাজেনবি। মজার ব্যাপার হলো, অভিনয়ের আগে তিনি পেশাদার অভিনেতা হিসেবে খুব পরিচিত ছিলেন না। মডেলিংয়ের জগৎ থেকে এসে সরাসরি এমন একটি বিশ্বখ্যাত চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

ল্যাজেনবির বন্ড কনারির মতো অতটা পরিণত কিংবা আত্মবিশ্বাসী ছিলেন না। বরং তাঁর চরিত্রে ছিল কিছুটা আবেগ, সরলতা এবং মানবিক দুর্বলতা। এই ছবিতে বন্ডের প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি গুরুত্ব পেয়েছিল। সহশিল্পী ডায়ানা রিগের সঙ্গে তাঁর রসায়নও ছবিটির অন্যতম আকর্ষণ।

আজ অনেক সমালোচকের চোখে ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ বন্ড সিরিজের অন্যতম সেরা ছবি। অথচ মুক্তির সময় এটি প্রত্যাশিত সাফল্য পায়নি। কনারির অনুপস্থিতি, নতুন অভিনেতাকে গ্রহণ করতে দর্শকের অনীহা এবং ছবিটির প্রচারণা—সব মিলিয়ে বক্স অফিসে ছবিটি সিরিজের আগের কয়েকটি ছবির তুলনায় পিছিয়ে পড়ে।

ল্যাজেনবির সঙ্গে প্রযোজকদের সম্পর্কও খুব মসৃণ ছিল না। মাত্র একটি ছবির পরই তিনি বন্ডের দায়িত্ব ছেড়ে দেন। তাঁর দাবি ছিল, বন্ড চরিত্রটি ভবিষ্যতে পুরোনো হয়ে যাবে—এমন পরামর্শও তিনি পেয়েছিলেন। পরে অবশ্য এই সিদ্ধান্তকে তাঁর ক্যারিয়ারের বড় ভুল হিসেবে দেখেছেন অনেকে।

মাত্র একটি ছবিতে অভিনয় করেও ল্যাজেনবি বন্ডকে মানবিক করে তুলেছিলেন। তাঁর ছবির শেষ দৃশ্য আজও সিরিজের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি।

রজার মুর: রসিকতা, রোমান্স আর রঙিন অ্যাকশনের বন্ডকনারির পর সবচেয়ে দীর্ঘ সময় বন্ড চরিত্রে ছিলেন ব্রিটিশ অভিনেতা রজার মুর। ১৯৭৩ সালে ‘লিভ অ্যান্ড লেট ডাই’ দিয়ে শুরু করে ১৯৮৫ সালের ‘আ ভিউ টু আ কিল’ পর্যন্ত মোট সাতটি ছবিতে অভিনয় করেন তিনি। বন্ড হিসেবে সবচেয়ে বেশি ছবিতে অভিনয়ের রেকর্ডে কনারির সঙ্গে তাঁর নামও রয়েছে।

কনারির বন্ড ছিলেন কিছুটা গম্ভীর, বিপজ্জনক ও কঠোর। অন্যদিকে মুরের বন্ড যেন একেবারেই আলাদা। তাঁর চরিত্রে ছিল হাস্যরস, আত্মতুষ্টি, রোমান্টিকতা ও হালকা মেজাজ। বিপদের মুখেও ঠান্ডা মাথায় রসিকতা করতে পারতেন তিনি। শত্রুর সঙ্গে লড়াইয়ের চেয়েও কখনো কখনো তাঁর সংলাপ দর্শককে বেশি আনন্দ দিত।

মুরের সময়েই বন্ড সিরিজের পরিসর আরও বড় হয়। ‘দ্য স্পাই হু লাভড মি’, ‘মুনরেকার’, ‘ফর ইয়োর আইজ অনলি’ ও ‘অক্টোপুসি’ তাঁর উল্লেখযোগ্য ছবি। বিশেষ করে ‘মুনরেকার’-এ বন্ডকে মহাকাশে পাঠানো হয়েছিল। ১৯৭৭ সালে ‘স্টার ওয়ার্স’-এর অভাবনীয় সাফল্যের পর হলিউডে মহাকাশভিত্তিক ছবির চাহিদা বেড়ে যায়। বন্ড সিরিজও সেই জনপ্রিয়তার ঢেউ ধরতে চেয়েছিল।

ছবিটি বক্স অফিসে মুরের সময়ের অন্যতম সফল হলেও সমালোচকদের কাছে খুব একটা প্রশংসা পায়নি। অতিরিক্ত কল্পবিজ্ঞান, হাস্যকর গ্যাজেট ও অবাস্তব অ্যাকশনের কারণে অনেকের কাছে বন্ডের মূল আবেদনই হারিয়ে যাচ্ছিল। পরবর্তী সময়ে ‘অস্টিন পাওয়ারস’-এর মতো স্পুফ ছবির অনুপ্রেরণা হিসেবেও মুরের যুগের কিছু অতিরঞ্জিত দৃশ্যের কথা বলা হয়েছে।

মুরকে ঘিরে আরেকটি বিতর্ক ছিল বয়স। ১৯৮৫ সালে ‘আ ভিউ টু আ কিল’ মুক্তির সময় মুরের বয়স ছিল ৫৭। বিপরীতে তাঁর ছবির নারী সহশিল্পীদের অনেকেই ছিলেন বয়সে বেশ তরুণ। ফলে রোমান্টিক দৃশ্য ও অ্যাকশন দৃশ্যে তাঁকে ক্রমেই বেমানান মনে হচ্ছিল। বয়স নিয়ে সমালোচনা এতটাই বাড়ে যে শেষ পর্যন্ত বন্ড চরিত্র থেকে সরে দাঁড়ান তিনি।

মুর বন্ডকে শুধু গুপ্তচর বা অ্যাকশন নায়ক হিসেবে রাখেননি; তাঁকে বিনোদনের এক রঙিন চরিত্রে পরিণত করেছিলেন। তাঁর সাতটি ছবি বন্ড সিরিজের বাণিজ্যিক বিস্তারেও বড় ভূমিকা রাখে।

টিমোথি ডাল্টন: অন্ধকার, কঠোর ও বাস্তবধর্মী বন্ডরজার মুরের হালকা মেজাজের বন্ডের পর দর্শকের সামনে এলেন টিমোথি ডাল্টন। ১৯৮৭ সালের ‘দ্য লিভিং ডেলাইটস’ দিয়ে শুরু হয় তাঁর অধ্যায়। দুই বছর পর ‘লাইসেন্স টু কিল’ ছবিতে আবারও বন্ড হয়ে ফেরেন তিনি।

ডাল্টনের বন্ড ছিলেন অনেক বেশি গম্ভীর, রুক্ষ ও বাস্তববাদী। তাঁর অভিনয়ে ইয়ান ফ্লেমিংয়ের উপন্যাসের মূল চরিত্রটির কঠোরতা ফিরে এসেছিল। শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া, ব্যক্তিগত ক্ষোভ, মানসিক অস্থিরতা—এসব বিষয়ও গুরুত্ব পেতে শুরু করে।

‘লাইসেন্স টু কিল’ ছবিতে বন্ধুর ওপর হামলার প্রতিশোধ নিতে বন্ডকে দেখা যায় ব্যক্তিগত যুদ্ধে নামতে। এটি প্রচলিত বন্ড ছবির চেয়ে অনেক বেশি সহিংস ও প্রতিশোধনির্ভর ছিল। সেই সময়ের দর্শকের একাংশ মুরের রসিক ও রোমান্টিক বন্ডের পর ডাল্টনের এই পরিবর্তন সহজে মেনে নিতে পারেননি। আবার পরবর্তী সময়ে অনেক দর্শক ও সমালোচক তাঁর অভিনয়কে সিরিজের সবচেয়ে অবমূল্যায়িত অধ্যায়গুলোর একটি বলে মনে করেছেন।

বাণিজ্যিক দিক থেকেও তাঁর সময়টা খুব সহজ ছিল না। আশির দশকের শেষ দিকে ‘র‍্যাম্বো’, ‘লেথাল ওয়েপন’, ‘প্রিডেটর’ ও ‘ব্যাটম্যান’-এর মতো অ্যাকশন ছবির সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছিল বন্ডকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে ‘লাইসেন্স টু কিল’ প্রত্যাশা পূরণ করতে পারেনি। এরপর সিরিজে ছয় বছরের বিরতি আসে। ডাল্টনের সঙ্গে চুক্তি ও পরবর্তী ছবির নির্মাণ জটিলতাও তাঁর বন্ড-অধ্যায়ের সমাপ্তিতে ভূমিকা রাখে।

ডাল্টনের বন্ডের একটি বিশেষ দিক ছিল নারীদের সঙ্গে তাঁর সম্পর্কের উপস্থাপন। আগের বন্ডদের মতো প্রতিটি নারী চরিত্রকে প্রেমের সম্ভাব্য সঙ্গী হিসেবে দেখার প্রবণতা তাঁর ছবিতে কিছুটা কমে আসে। চরিত্রটি যেন বুঝতে শিখছিল, ব্যক্তিগত সম্পর্কেরও মূল্য আছে।

পরবর্তী সময়ে ড্যানিয়েল ক্রেগ যে কঠোর, ক্ষতবিক্ষত ও আবেগপ্রবণ বন্ড তৈরি করেছিলেন, তার অনেক উপাদান ডাল্টনের অভিনয়েই আগে দেখা গিয়েছিল।

পিয়ার্স ব্রসনান: আধুনিক যুগের গ্ল্যামারাস বন্ডডাল্টনের বিদায়ের পর দীর্ঘ বিরতি। সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছে। বদলে গেছে বিশ্বরাজনীতি, বদলে গেছে গুপ্তচরবৃত্তির ধরন। এমন এক সময়ে ১৯৯৫ সালে ‘গোল্ডেনআই’ দিয়ে বন্ড হয়ে এলেন আইরিশ অভিনেতা পিয়ার্স ব্রসনান।

ব্রসনানের বন্ডে একসঙ্গে পাওয়া গেল কনারির আভিজাত্য, মুরের রসিকতা এবং ডাল্টনের কঠোরতার কিছু উপাদান। পরিপাটি চেহারা, নিখুঁত পোশাক, আকর্ষণীয় ব্যক্তিত্ব—সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন নব্বইয়ের দশকের দর্শকের উপযোগী বন্ড।

ব্রসনানের প্রথম ছবিই ছিল বড় সাফল্য। ‘গোল্ডেনআই’ শুধু নতুন বন্ডের পরিচয় করিয়ে দেয়নি, দীর্ঘ বিরতির পর সিরিজটিকে আবার জনপ্রিয় করে তুলেছিল। ছবিতে জুডি ডেঞ্চের অভিনীত ‘এম’ চরিত্রও বিশেষভাবে আলোচিত হয়। বন্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে একজন নারীকে আরও ক্ষমতাবান ও কর্তৃত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়। একপর্যায়ে তিনি বন্ডকে পুরোনো ধ্যানধারণার, নারীবিদ্বেষী ও সেকেলে মানুষ বলে সমালোচনা করেন। এটি ছিল বন্ড চরিত্রের পরিবর্তিত সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

ব্রসনান অভিনীত চারটি ছবি হলো ‘গোল্ডেনআই’, ‘টুমরো নেভার ডাইস’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ ও ‘ডাই অ্যানাদার ডে’। শেষের ছবিটি ২০০২ সালে মুক্তির পর বড় ব্যবসা করে। কিন্তু ছবিতে অতিরিক্ত কম্পিউটারনির্ভর দৃশ্য, অদৃশ্য গাড়ি এবং অবাস্তব প্রযুক্তির ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সিরিজের নির্মাতারাও পরে মনে করেছিলেন, ছবিটি বন্ডের পরিচিত শিকড় থেকে অনেক দূরে চলে গিয়েছিল।

ব্রসনানের বিদায়ের পেছনে ছিল আরও একটি বিষয়। তাঁর অভিনীত শেষ ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলেও নির্মাতারা নতুনভাবে বন্ডকে সাজাতে চেয়েছিলেন। তাই ২০০৬ সালে শুরু হয় নতুন অধ্যায়। ব্রসনান পরে জানিয়েছেন, তিনি আরও একটি বন্ড ছবি করতে আগ্রহী ছিলেন। কিন্তু নির্মাতারা অন্য পরিকল্পনা করেছিলেন।ব্রসনান বন্ডকে নব্বইয়ের দশকের আধুনিক অ্যাকশন বিনোদনের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। তাঁর সময়েই ভিডিও গেম, বিজ্ঞাপন, গাড়ি, ঘড়ি ও পোশাকের সঙ্গে বন্ড ব্র্যান্ডের সম্পর্ক আরও বিস্তৃত হয়।

ড্যানিয়েল ক্রেগ: বন্ডের সবচেয়ে বড় রূপান্তরপিয়ার্স ব্রসনানের পর কে হবেন জেমস বন্ড, তা নিয়ে তখন কম আলোচনা হয়নি। শেষ পর্যন্ত ২০০৫ সালে ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ-এর নাম ঘোষণা করা হয়। কিন্তু তাঁর নিয়োগের খবর প্রকাশের পরই শুরু হয় বিতর্ক।

ক্রেগের চুল ছিল স্বর্ণালি, চোখ নীল, গড়ন আগের বন্ডদের তুলনায় আলাদা। অনেকে প্রশ্ন তুলেছিলেন, তিনি কি আদৌ বন্ড হওয়ার মতো? সামাজিক যোগাযোগমাধ্যমে তখন ‘ব্লন্ড বন্ড’ বলে বিদ্রূপও করা হয়। কেউ কেউ মনে করেছিলেন, বন্ড চরিত্রের পরিচিত চেহারা ও ব্যক্তিত্বের সঙ্গে ক্রেগ মানানসই নন।

কিন্তু ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ মুক্তির পর সেই সমালোচনার অনেকটাই থেমে যায়। ক্রেগের বন্ড ছিলেন আগের সবার চেয়ে বেশি শারীরিকভাবে শক্তিশালী, আবেগপ্রবণ ও রক্তমাংসের মানুষ। তিনি আহত হন, ভুল করেন, ভালোবাসেন, প্রতিশোধ নেন। চরিত্রটির ভেতরের দুর্বলতাও প্রথমবার এত স্পষ্টভাবে সামনে আসে।‘ক্যাসিনো রয়্যাল’ বন্ড সিরিজকে নতুন করে সাজিয়ে দেয়। এরপর ‘কোয়ান্টাম অব সোলেস’, ‘স্কাইফল’, ‘স্পেক্টর’ ও ‘নো টাইম টু ডাই’—মোট পাঁচটি ছবিতে অভিনয় করেন ক্রেগ। এর মধ্যে ‘স্কাইফল’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১২ সালে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১১১ কোটি ডলারের ব্যবসা করে। বন্ড সিরিজের প্রথম ছবি হিসেবে এটিএক বিলিয়ন ডলারের বেশি আয় করে।

তবে ক্রেগের যুগও বিতর্কমুক্ত ছিল না। তাঁর প্রথম ছবি নিয়ে আপত্তি যেমন ছিল, তেমনি ‘কোয়ান্টাম অব সোলেস’-এর গল্প ও নির্মাণ নিয়েও সমালোচনা হয়। ‘স্পেক্টর’-এ আগের ছবিগুলোর সঙ্গে অতিরিক্ত সংযোগ তৈরি করায় অনেকে বিরক্ত হন। আর ‘নো টাইম টু ডাই’-এ বন্ডের মৃত্যুর ঘটনা সিরিজের ইতিহাসে সবচেয়ে বড় আলোচনার জন্ম দেয়।

এত দিন দর্শক জানতেন, বন্ডকে হত্যা করা যায় না। কিন্তু ক্রেগের শেষ ছবিতে সেই ধারণা ভেঙে দেওয়া হয়। বন্ডের মৃত্যু দিয়ে তাঁর অধ্যায়ের সমাপ্তি ঘটানো হয়। কেউ একে সাহসী ও আবেগঘন সিদ্ধান্ত বলেছেন, কেউ আবার মনে করেছেন, বন্ডের মতো অমর চরিত্রের জন্য এমন পরিণতি অপ্রয়োজনীয়।

২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ মুক্তির পর ক্রেগ বিদায় নেন। তাঁর পাঁচটি ছবির মধ্যে ‘স্কাইফল’ ও ‘ক্যাসিনো রয়্যাল’ এখনো সিরিজের সেরা ছবির তালিকায় থাকে।ক্রেগ বন্ডকে শুধু অজেয় সুপারহিরো হিসেবে দেখাননি। তাঁকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করেছেন—যার প্রেম আছে, ক্ষত আছে, ভুল আছে, এমনকি মৃত্যুও আছে।

ভ্যারাইটি, এপি, রয়টার্স ও দ্য গার্ডিয়ান অবলম্বনে

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ