এবার জঙ্গিগোষ্ঠীর নিশানায় অমিতাভ
১৮ নভেম্বর, ২০২৬ এ ৯:২৪ AM

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে এবার খুনের হুমকি দিয়েছে খলিস্তানপন্থি জঙ্গিগোষ্ঠীর গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। নিষিদ্ধ গোষ্ঠীর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন সরাসরি অভিনেতার ওপর হামলার হুমকি ছুড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় পোস্টে তার বার্তা, ‘বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?’
একইসঙ্গে ‘শিখস ফর জাস্টিস’ ওরফে এসজেএফ’র তরফে অমিতাভের বাংলো জলসার বাইরে চড়াও হওয়ার ডাক দেওয়া হলো। শুধু তাই নয়, জমায়েত করে সেখানে প্রতিবাদী সুর চড়ালেই মিলবে ১১ লাখ টাকা, দেওয়া হয়েছে এমন প্রস্তাবও।’
এদিকে সোমবার হুমকিবার্তায় আরও স্পষ্ট জানানো হয়েছে, ‘যতই গ্রেফতার করুন, যতই নিরাপত্তা বাড়ান কিংবা বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন, গুলি আপনাদের ওপর চলবেই। মুম্বাইয়ে আমাদের ২০০ লোক তৈরি!’
লাগাতার হামলার হুমকির মাঝে সম্প্রতি এক পোস্টে অমিতাভ লিখেছিলেন, ‘বেঁচে গেলাম।’ অনুমান, সেই পোস্টের প্রেক্ষিতেই পান্নুনের এমন হুঁশিয়ারি।
১৯৮৪ সালের দাঙ্গার কথা মনে করিয়ে বচ্চনের বাসভবন ‘জলসা’র সামনে খলিস্তানি প্রতিবাদ কর্মসূচির জন্য মুম্বইয়ের শিখ সম্প্রদায়কে জমায়েতের ডাক দিয়েছেন তিনি। যে আয়োজনের জন্য ১১ লাখ টাকা খরচ করতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।
দীর্ঘদিন ধরেই খলিস্তানপন্থি এসএফজে গোষ্ঠীর নিশানায় অমিতাভ। এ প্রসঙ্গে তারা টেনে এনেছে আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ। যে সময়ে দিল্লির মসনদে ছিল কংগ্রেস।
সে সময় রাজীব গান্ধীর বন্ধু হিসেবে হাত শিবিরের সঙ্গে বচ্চনের ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়। এক সময়ে কংগ্রেসের টিকিটেই অমিতাভ লোকসভা ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
যদিও বছর তিনেক বাদে রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভের। তবে সেসময়ে ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন খোদ বিগ বি।
সেই অতীত প্রসঙ্গ টেনেই অমিতাভ বচ্চনকে সতর্ক করেছিল সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী। এক বিবৃতিতে এসএফজে সংগঠনের প্রধান বলেছিলেন, ‘অমিতাভের এই মন্তব্যের জন্যে সেসময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল ভারতে। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন খোদ বচ্চন।’
যার জেরে বিগ বি’র পা ছুঁয়ে প্রণাম করায় দিলজিৎ দোসাঞ্ঝকেও খলিস্থানিদের হুমকির মুখে পড়তে হয়েছিল।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন
১৮ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে
১৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · প্রথম আলো
মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৫ AM · প্রথম আলো
