শাহজাদপুর সংবাদ

রুয়া সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান এমপি রফিকুল ইসলাম খানের

২৯ আগস্ট, ২০২৬ এ ৮:১৯ AM

রুয়া সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান এমপি রফিকুল ইসলাম খানের

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) সিরাজগঞ্জ জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা শাহিনুর আলম এবং রুয়ার শিক্ষা ও পাঠাগার বিভাগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম। ড. আব্দুস সবুরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আব্দুল লতিফ, ড. আব্দুর রাজ্জাক ও অধ্যক্ষ মনোয়ার হোসেন।

সভায় রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শিক্ষা ও পাঠাগার বিভাগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম এবং সংগঠনের কার্যক্রমে বিশেষ সহযোগিতার জন্য মাওলানা শাহিনুর আলমকেও সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি রুয়ার আজীবন সদস্যদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের পাশে থেকে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা এবং ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এজন্য অ্যালামনাই সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে অধ্যাপক মো. শহীদুল ইসলামকে সভাপতি এবং অধ্যক্ষ হাসান মনসুর মিলনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত ১২৮ জন আজীবন সদস্য হাত তুলে কমিটির প্রতি সমর্থন জানান।

সূত্র: Barta Bazar

সম্পর্কিত সংবাদ