শাহজাদপুর সংবাদ

রায়গঞ্জে সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

২৪ আগস্ট, ২০২৬ এ ৭:১৭ PM

রায়গঞ্জে সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের বিএনপির সংসদ সদস্য ভিপি আইনুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় ৯সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে জড়িতদের চিহ্নিত ও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে বলা হয়েছে।

সোমবার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহপ্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জু।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি হামলার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। তদন্ত শেষে লিখিত প্রতিবেদন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে হবে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি এক বার্তায় জানিয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।

সূত্র: Amar Desh

সম্পর্কিত সংবাদ