মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM

মো. সোহান সেখন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। এ অবস্থায় তার পরিবারের সদস্যরা সম্প্রতি বাসভবনে হামলার ঘটনার বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের কাছে বিচার দাবি করেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন, দীর্ঘদিনের মানসিক চাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং সম্প্রতি বাসভবনে হামলার ঘটনার পর থেকেই সাইদুর রহমান বাচ্চু মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন।
বাচ্চুর ছেলে বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তার বাবা মাসের পর মাস কারাগারে ছিলেন। এমন কঠিন সময়েও তাকে বর্তমানের মতো ভেঙে পড়তে দেখেননি। তার দাবি, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে তার বাবাকে মানসিকভাবে চাপে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকেই বিভিন্নভাবে এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।
বাচ্চুর মেয়ে অভিযোগ করে বলেন, গত তিন মাস ধরে তার বাবাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। পরিবার থেকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হলেও বাচ্চু তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেননি। তার ভাষ্য, তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কারণে যেন সিরাজগঞ্জ শহরে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনা করেই তিনি নীরব ছিলেন।
তবে পরিবারের দাবি, তার এই নীরবতাকে কেউ কেউ দুর্বলতা হিসেবে নিয়ে সম্প্রতি তাদের বাসভবনে হামলা চালিয়েছে। এ ঘটনায় পরিবার এখন পর্যন্ত কোনো বিচার পায়নি বলেও অভিযোগ করেন তারা।
বাচ্চুর ছেলে বলেন, সর্বশেষ তাদের বাসায় হামলার ঘটনায়ও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। তিনি তার বাবার ওপর সংঘটিত অন্যায়ের বিচার দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিরাজগঞ্জের বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে বিষয়টি দেখার আহ্বান জানান।
তিনি বলেন, “আপনারা দোয়া করবেন, আমার বাবা যেন সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসেন।” একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই সাইদুর রহমান বাচ্চু অসুস্থতা অনুভব করেন। পরে তীব্র মাথাব্যথা ও বুকব্যথা দেখা দিলে রাতে তিনি ঘুমাতে পারেননি। রোববার সকালে তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।
The post মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
ফেসবুক পোস্টে হামলার দাবি, ঘটনাস্থলে মিলল না দৃশ্যমান চিহ্ন
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৬ PM · Sarabangla
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
