ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ AM

মাঠে রোদ ছিল। ক্রিকেটাররা ওয়ার্মআপও করেছেন ঠিকঠাক ৷ তবু বাংলাদেশ–চীন ম্যাচটা আর শুরু করা যায়নি। কারণ, এর আগে হওয়া বৃষ্টিতে ভেজা আউটফিল্ড আর শুকোয়নি।
আজ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে কোয়ার্টার ফাইনালের এ ম্যাচ তাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টস করতেও নামেননি দুই দলের অধিনায়ক। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি–টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ম, চীন ৩৬তম।
আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায় জাপানের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে জয়ী দলের বিপক্ষে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে। বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মুশতারি চীনের মুখোমুখি হওয়ার আগে পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ রাখেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায়, ‘আমরা প্রথম অনুশীলন করলাম। এর আগে আমরা এশিয়ান গেমসে একটা পদক পেয়েছি (আসলে তিনটি)। আশা করছি, এবারও একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব।’
চীনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ছিল সবচেয়ে বড় ম্যাচ। ২০১০ এশিয়ান গেমস সেমিতে চীনকে ৩৪ রানে অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটে জিতে যায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। যার অর্থ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে চীনের বিপক্ষে আজই প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের। কিন্তু বেরসিক বৃষ্টিতে খেলাটা আর হলো না।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
আমাকে যেন নেকড়েদের সামনে ছুড়ে ফেলা হয়েছিল, ‘স্যান্ডপেপার’ কেলেঙ্কারি নিয়ে স্মিথ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৪ AM · প্রথম আলো
রেকর্ড বই ওলট–পালট করে বার্সার ৭ গোলের উৎসবে হ্যাটট্রিক রাফিনিয়ার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৩ AM · প্রথম আলো
