সিলেট টেস্ট: প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেট
৫ নভেম্বর, ২০২৬ এ ৯:০৭ AM

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩০ ওভারে ১০১/৩
আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যামের জুটি বাংলাদেশকে ভোগাচ্ছে। এই জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৭৪ রান। দুজনেই খেলছেন সাবলীলভাবে। জাঙ্গু ৪১, উইকহ্যাম ৩৩ রানে অপরাজিত।
প্রথম সেশনের শেষটা ভালোই করল ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে ৩ উইকেট হারানো দলটি লাঞ্চে গেছে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে।
আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের চতুর্থ উইকেট জুটি থেকে লাঞ্চ পর্যন্ত এসেছে ৫৯ রান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাসকিন, হাসান নিয়েছেন এক উইকেট।
তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ মিলে ১০ ওভার বোলিং করেছেন, উইকেট পাননি।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৬ ওভারে ৮৬/৩ (জাঙ্গু ৩২*, উইকহ্যাম ২৭*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৩৬, হাসান ১/৩৩, মিরাজ ০/১৩, তাইজুল ০/৩)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬ ওভারে ৬০/৩
সকালের সেশনের এক ঘণ্টা পেরিয়ে গেছে। প্রায় পুরোটা সময়ই বল করেছেন দুই পেসার। সিলেটের মেঘলা আবহাওয়ায় পেসারদের বলে দেখা গেছে বাউন্স ও মুভমেন্ট। তাতে এসেছে তিনটি উইকেটও।
তবে পেসারদের ওপর ক্লান্তির ছাপও স্পষ্ট। প্রায় প্রতি ওভারেই তোয়ালে হাতে তাসকিনের জন্য অপেক্ষায় ছিলেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও শরীফুল ইসলাম। ৭ ওভারের স্পেলের শেষ দিকে এসে বেশ ক্লান্তই মনে হয়েছে দুই উইকেট নেওয়া তাসকিনকে। তাঁর প্রান্ত থেকে দুই ওভার বিরতি দিয়ে এখন আক্রমণে আনা হয়েছে হাসান মাহমুদকে।
আজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া কেভিন উইকহ্যাম ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফর্মার।
গত এপ্রিল–মে মাসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন ইনিংসেই সেঞ্চুরি করেছেন বার্বাডোজের এই ব্যাটসম্যান। তাঁর ইনিংসগুলো ছিল ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের। সব মিলিয়ে এ প্রতিযোগিতায় ৩৯৩ রান করেন। ৭৮.৬০ গড় নিয়ে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো রেকর্ড উইকহ্যামের। ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ তাঁর গড় ৪০.৮৮।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯ ওভারে ২৮/৩
দলে ফিরেই ইমপ্যাক্ট তৈরি করেছেন তাসকিন। এরইমধ্যে নিয়েছেন দ্বিতীয় উইকেট।এবার তাঁর শিকার জশুয়া ডি সিলভা। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তাসকিন।
নিয়ন্ত্রিত লাইন-লেংথে ধারাবাহিকভাবে বল করে যাচ্ছেন তাসকিন। শেষ পর্যন্ত সেই চাপেরই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
১২ রান করেছেন সিলভা।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭ ওভারে ২১/২
দুই বল আগেও একই লেংথের একটি বল ছেড়েছেন। সেবার বেঁচে গেছেন। এবারের গল্প ভিন্ন। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে বলটি করেছিলেন হাসান মাহমুদ। পিচে পড়ে চমৎকারভাবে ভেতরে ঢোকে বলটি। হজ ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পিচে পড়ে বলটি দ্রুত স্কিড করে সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পের মাথায়।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫ ওভারে ১৪/১
ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে দিলেন তাসকিন। তাসকিনের ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করে পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টা করেছিলেন কিং। এই প্রচেষ্টায় বলের গতিপথ বুঝতেই পারেননি, পুরোপুরি পরাস্ত হয়েছেন। শেষ পর্যন্ত ছত্রখান হয়ে যায় স্টাম্প।
কিং করেছেন ৯ রান।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২.২ ওভারে ৫/০
টেস্টে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জশুয়া ডি সিলভা। সাদমান ক্যাচটা নিতে পারেননি।
তিন স্পিনার, সঙ্গে দুই পেসার—সিলেট টেস্টেও এই কম্বিনেশন নিয়ে খেলছে বাংলাদেশ। তবে শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। মিরপুরে চোটের কারণে তিনি দলে ছিলেন না।
সিলেটে শীতের আগমনী বার্তা। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, মেলেনি এক চিলতে রোদের দেখাও। আবহাওয়ায় হালকা শীতের আমেজ। তবে থেমে নেই ক্রিকেটারদের প্রস্তুতি। টসের পরপরই স্লিপে ক্যাচিং অনুশীলনে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেনকে।
তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ
সিলেট টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টসে জেতা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে নাজমুল হোসেনের দল।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ব্রাজিলে ফুটবল ম্যাচে মারামারির চূড়ান্ত, ৫৩ লাল কার্ডের বিশ্ব রেকর্ড
৫ নভেম্বর, ২০২৬ এ ১১:২৯ AM · প্রথম আলো
ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি
৩ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
