শাহজাদপুর সংবাদ

ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার, ফাইনালে যেতে কার কী সমীকরণ

২৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩০ AM

ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার, ফাইনালে যেতে কার কী সমীকরণ

রেকর্ডময় ওয়েলিংটন টেস্টটা শেষ পর্যন্ত ড্র–ই হয়েছে। ভারতের বোলাররা নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫টির বেশি উইকেট নিতে পারেননি। আর গতকালের এই ড্রয়ে লাভ হয়েছে অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আগের মতো চারে থাকলেও ভারতের ফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়েছে আরেকটু। প্রথমবার ফাইনাল খেলার স্বপ্ন দেখা বাংলাদেশ জোহানেসবার্গ টেস্টে হেরে ভাগ্য তুলে দিয়েছে অন্যদের হাতে।

গতকাল ওয়েলিংটন টেস্ট শেষে পয়েন্ট তালিকায় সবার ওপরে দক্ষিণ আফ্রিকাই। ৭৫ শতাংশ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের। ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে এরপরই গতবারের রানার্সআপ অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পয়েন্ট কমে হয়েছে ৬৬.৬৭ শতাংশ। ভারতের পয়েন্ট শতকরা ৫০। বাংলাদেশ ৪০.৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচে।

সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে হারালে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই আবারও ফাইনাল নিশ্চিত করে ফেলবে। তিনটি জিতে ও তিনটিতে হারলেও ৬৪.২৮ শতাংশ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠতে পারে প্রোটিয়ারা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াই ফেবারিট। তবে ভারতে গিয়ে দলটি কতটা কী করতে পারে, সেটিই দেখার। ভারতে খেলা সর্বশেষ ১৮ ম্যাচের ১২টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শেষ ৯ ম্যাচের পাঁচটিতে জয় পেলেও চারটিতে হারলে তাদের শতকরা পয়েন্ট হবে ৬৩.৬৪। নিউজিল্যান্ড শেষ ৯ ম্যাচের ৬টিতে জিতলে এই পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া সেরা দুইয়ে না–ও থাকতে পারে। অস্ট্রেলিয়া ৬ ম্যাচ জিতলে অবশ্য ৬৮.১৮ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলবে।

শেষ ৯ ম্যাচের ৫টিতে জিতলে ৬০ শতাংশের বেশি পয়েন্ট থাকবে নিউজিল্যান্ডের। ৬ ম্যাচে জিতলে ফাইনাল প্রায় নিশ্চিত। ৬ জয় ও ৩ হারে দলটির পয়েন্ট হবে ৬৬.৬৭ শতাংশ।

কাজটা খুবই কঠিন ভারতের জন্য। শেষ ছয় ম্যাচই জিতলে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট হবে ভারতের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ভালো করলে এই পয়েন্ট নিয়েও বাদ পড়তে হতে পারে ভারতকে।

বাংলাদেশ শেষ তিনটি ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ৫৫.৫৬ শতাংশ। ওপরে থাকা তিনটি দল খুব খারাপ না করলে এই পয়েন্ট নিয়ে ফাইনাল খেলা অসম্ভব।

* প্রতিপক্ষের মাঠে খেলা

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ