এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে
২৪ নভেম্বর, ২০২৬ এ ১২:০৭ PM

উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ বাজারে এসেছে কিছুদিন আগে। তারপর থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট তোলপাড় স্যান্ডপেপার-কেলেঙ্কারি নিয়ে। খাজার দাবি, ২০১৮ সালে কেপটাউন টেস্টের সেই ঘটনা দলের সবাই জানতেন। কিন্তু বলির পাঁঠা বানানো হয়েছে শুধু স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সেই দাবি প্রত্যাখ্যান করেছেন, মিচেল স্টার্ক আবারও বলেছেন তিনি কিছুই জানতেন না। এর মধ্যেই ওই ঘটনা নিয়ে নতুন করে তদন্তের দাবিও উঠেছে।
কিন্তু বইটা শুধু কেলেঙ্কারি নিয়ে নয়। এর পাতায় আছে এমন সব গল্প, যেখানে খাজাকে অন্যভাবে চেনা যায়। আবেগের মুহূর্ত আছে, আর আছে নির্ভেজাল দুষ্টুমি। যেমন সেই ডেরেক কেরেডের গল্প।
গোয়েন্দা গল্পের ভক্তরা আগাথা ক্রিস্টির ‘দ্য মার্ডার অব রজার অ্যাকরয়েড’-এর কৌশলটা হয়তো জানেন। কাহিনির কথক, যিনি পাঠকের সঙ্গে প্রতি পাতায় সন্দেহ ভাগ করে নেন, শেষ পাতায় দেখা যায় খুনি তিনিই। খাজা সেই কৌশল খাটিয়েছিলেন ক্রিকেটের ড্রেসিংরুমে, তবে খুন নয়, খোঁচা দিয়ে।
টেস্ট অভিষেকের পরের বছর খাজা দ্বিতীয়বার ইংল্যান্ডে ডার্বিশায়ারের হয়ে কাউন্টি খেলতে গিয়েছিলেন। আগের বার ছিলেন একা, মনখারাপ নিয়ে। সেবার রুম শেয়ার করছিলেন দুই সতীর্থ ও বন্ধু রস হোয়াইটলি ও টম পয়ন্টনের সঙ্গে। তবু সময় কাটছিল না। খাজা লিখেছেন, তাঁর খুবই বিরক্ত লাগছিল তাঁর।
আগের বছরই খাজা খেয়াল করেছিলেন, ডার্বিশায়ারের ক্রিকেটাররা অনলাইনের নেতিবাচক মন্তব্যে কতটা কাতর হয়ে পড়ে। একটা খারাপ কমেন্ট নিয়েই সপ্তাহ কাবার! অস্ট্রেলিয়ার মাঠে কড়া স্লেজিংয়ে অভ্যস্ত খাজার কাছে ব্যাপারটা হাস্যকর ঠেকত। তিনি টুইটারে (এখন এক্স) খুললেন একটা ভুয়া অ্যাকাউন্ট: ডেরেক কেরেড। ‘কেরেড’ আসলে ডেরেক উল্টো করে লেখা। অ্যাকাউন্টটাকে বিশ্বাসযোগ্য আর ‘একটু নোংরা’ দেখানোর জন্য অনুসরণ করলেন ডজনখানেক অভিনেতা ও খেলোয়াড়কে।
তারপর শুরু হলো স্লেজিং। মানে, অনলাইনে ছদ্মনামে সতীর্থদের খোঁচানো। ইতালীয় বংশোদ্ভূত পেসার টনি প্যালাডিনোকে একবার বললেন, ক্রিকেট ছেড়ে পাস্তা বানাও। বোলিং নাকি ‘পিৎজা’ হচ্ছে। আরেক সতীর্থ ওয়েস ডারস্টন এলবিডব্লিউ হলে তাঁকেও খোঁচা মারলেন কড়া ভাষায়। ড্যানিয়েল রেডফার্নকে ডাকতেন ‘চার চোখা’ নামে, রেডফার্ন কন্টাক্ট লেন্স পরতেন। খাজা নিজেও চশমা পরেন, সেটা অবশ্য ঘুণাক্ষরে প্রকাশ করেননি।
ডেরেক, মানে খাজা তো ক্রিকেট ভালোই বোঝেন। ফলে প্রত্যেকের দুর্বল জায়গাও জানতেন। কখনো সতীর্থদের দুশ্চিন্তা বাড়িয়ে দেওয়ার জন্য লিখতেন, ‘আমি এখন অমুক স্ট্যান্ডে বসে আছি’। ওদিকে ডার্বিশায়ারের ড্রেসিংরুমে শুরু হতো আলোচনা, ওই স্ট্যান্ডের কোন দর্শকটি ডেরেক।
এরপর খাজা যা করলেন, সেটা ক্রিস্টির সেই দ্য মার্ডার অব রজার অ্যাকরয়েডের কৌশলের মতো। তিনি ডেরেকের মুখ দিয়ে নিজেকেও স্লেজ করলেন। যাতে ব্যাপারটা আরও বিশ্বাসযোগ্যতা পায়। এতে কাজও হলো। একদিন ড্রেসিংরুমে সবাই ডেরেককে নিয়ে ঝগড়া করছে। খাজা সরল মুখে বললেন, ‘ওর কথা এত গায়ে মাখছ কেন? উপেক্ষা করো।’ সতীর্থ টনি রাগে ফেটে পড়লেন, ‘উজ, ও তো তোমাকেও ছাড়েনি!’ খাজা অবাক হওয়ার ভান করলেন, ‘তাই নাকি? কী বলল আমাকে?’
খাজার ধরা পড়ার গল্পটা অন্য রকম।ম্যানচেস্টারে খাজার ম্যাচ দেখতে গিয়েছিলেন তখনকার বান্ধবী লিসা (আসল নাম নয়, ছদ্মনাম)। লিসার ফোনে সে সময় ইন্টারনেট ছিল না। খাজা তাঁকে নিজের ফোন দিলেন। সে ফোনেই লিসা পেলেন ডেরেকের প্রোফাইল। অ্যাকাউন্টটা বহু অচেনা মেয়েকে অনুসরণ করছিল। লিসা ধরে নিলেন, এটা তাঁর প্রেমিকের গোপন অ্যাকাউন্ট, হয়তো খাজা প্রতারণা করছেন।
ভাবার কারণও ছিল। খাজা বইয়ে স্বীকার করেছেন, আগের বছর অনলাইনে এক মেয়ের সঙ্গে হালকা ফ্লার্টের ঘটনায় লিসার আস্থা আগেই টলে গিয়েছিল। ধরা পড়ে খাজা তাঁর বান্ধবীকে জানালেন, অ্যাকাউন্টটা ছিল শুধু সতীর্থদের সঙ্গে মজা করার জন্য। লিসা এক বর্ণও বিশ্বাস করলেন না। বাকি পাঁচ ঘণ্টা তিনি একটা কথাও বলেননি। হোটেলে ফিরে লিসা খাজার দুই রুমমেট রস আর টমকে ব্যাপারটা জিজ্ঞাসা করলেন। দুজনেই হেসে ফেললেন। তাঁরা শুরু থেকেই জানতেন। ক্লাবের চেয়ারম্যান ক্রিস গ্র্যান্টও জানতেন।
পুরো ব্যাপারটা শেষও হয়েছিল খুব নাটকীয়ভাবে। ডার্বিশায়ারের মৌসুমের শেষ ম্যাচ ছিল হ্যাম্পশায়ারের বিপক্ষে। জিতলেই ডিভিশন টু শিরোপা। খাজার দাবি, ডার্বিশায়ার আগে কখনো এটা জেতেনি, পরও না। দুই ইনিংসেই ৮০ করে খাজা হলেন ম্যাচসেরা। উদ্যাপনে ড্রেসিংরুমে গান বাজছে। এমন সময় রুম অ্যাটেনডেন্ট এডউইন ঢুকে বললেন, ‘ডেরেকের একটা চিঠি এসেছে।’ সেই চিঠিতে ডেরেক নাম নেওয়া খাজা ফাঁস করলেন, এত দিন তিনি সবার খুব কাছেই ছিলেন। গ্যালারিতে নয়, পাশেই। নিজের পরিচয় দিলেন।
সঙ্গে সঙ্গে পাঁচ-ছয়জন ঝাঁপিয়ে পড়ে খাজাকে মাটিতে ফেলে দিলেন। চলল তাঁকে মজার ছলে বেদম পিটুনি। কেউ বিশ্বাস করতে পারছিলেন না, কারণ খাজা যে নিজেকেও স্লেজিং করেছিলেন। খাজা লিখেছেন, এত বছর পরও ডার্বিশায়ারের ওই সতীর্থদের সঙ্গে দেখা হলে প্রথম প্রসঙ্গ সেটাই।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেওয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’
২৪ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০ AM · প্রথম আলো
ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার, ফাইনালে যেতে কার কী সমীকরণ
২৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩০ AM · প্রথম আলো
পচেত্তিনোর শুরুটা হলো দুঃস্বপ্ন দিয়ে, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড
২৩ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · বাংলা ট্রিবিউন
