শাহজাদপুর সংবাদ

বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের

১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৯ AM

বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের

বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। গতকাল রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৭-০ গোলের জয়ে রেকর্ডটি গড়েন ইংলিশ স্ট্রাইকার।

ক্লাব ক্যারিয়ারে মাইকেল ওলিসের প্রথম হ্যাটট্রিক, কেইনের জোড়া গোল এবং জামাল মুসিয়ালা ও ইসমায়েল সাইবারির গোলে বার্লিনকে বিধ্বস্ত করে বায়ার্ন। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলে বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ডও গড়েন কেইন।

সত্তরের দশকে কোলন স্ট্রাইকার দিয়েতার মুলারের রেকর্ডটি ভাঙলেন বায়ার্ন তারকা। বুন্দেসলিগায় ১২৯ ম্যাচে ১০০ গোলের দেখা পেয়েছিলেন মুলার। সেটা ১৯৭৭ সালের সেপ্টেম্বরে, কেইনের জন্মের প্রায় ১৬ বছর আগে।

বুন্দেসলিগায় নিজের ৯৮তম ম্যাচে শততম গোল করে মুলারের সেই রেকর্ড ভাঙলেন কেইন। এই পথে মুলারের চেয়ে ৩১ ম্যাচ কম খেলেছেন, যা বুন্দেসলিগায় প্রায় একটি মৌসুমের সমান।

কেইন কত দ্রুত এগোচ্ছেন, তা বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের তালিকাতে তাকালে বোঝা যায়। তালিকায় পরের নামটি বায়ার্ন কিংবদন্তি গার্ড মুলারের—১০০ গোল করতে খেলেন ১৩৬ ম্যাচ। বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক ফরোয়ার্ড লোথার এমেরিখের লেগেছিল ১৪০ ম্যাচ এবং হামবুর্গের হয়ে উয়ে সিলার খেলেন ১৫৭ ম্যাচ।

ট্রান্সফারমার্কেট জানাচ্ছে, বুন্দেসলিগায় অষ্টম বিদেশি খেলোয়াড় হিসেবে শততম গোলের দেখা পেলেন কেইন। জার্মানির শীর্ষ এ লিগে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল রবার্ট লেভানডফস্কির। বায়ার্ন ও বরুসিয়ার হয়ে মোট ৩৮৪ ম্যাচে ৩১২ গোল করেন পোলিশ স্ট্রাইকার।

গত মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করা কেইন এই মৌসুমে ৭ ম্যাচে করলেন ৬ গোল। এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা কেইন জয়ের পর স্কাই জার্মানিকে বলেন, ‘বুন্দেসলিগায় ১০১ গোল করে খুব গর্ব লাগছে। এখানে আসার পর থেকে কাটানো প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি। এমন সতীর্থদের সঙ্গে খেললে গোলের সুযোগ তৈরি হবেই। ম্যাচসংখ্যার চেয়ে গোলের সংখ্যা বেশি থাকাটা নিঃসন্দেহে এক দুর্দান্ত পরিসংখ্যান।’

টটেনহাম ছেড়ে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই কেইন আসলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়তে তাঁর লাগল তিন বছরের একটু বেশি সময়। এ প্রতিযোগিতায় আগের তিনটি মৌসুমেই হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। বায়ার্নও টানা দুবার জিতেছে লিগ শিরোপা।

মিউনিখের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে কেইন যে গোলবন্যা শুরু করেছেন, বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের সাফল্য তাতে নতুন সংযোজন। গত বছর ভেরডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্নের হয়ে শততম গোল করেন কেইন। সেটা ছিল ক্লাবটির হয়ে তাঁর ১০৪তম ম্যাচ। এর মাধ্যমে একবিংশ শতাব্দীতে ইউরোপে শীর্ষ পাঁচ লিগে কোনো ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ডও গড়েন কেইন। পেছনে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ) ও আর্লিং হলান্ডকে (ম্যানচেস্টার সিটি)। দুজনেরই লেগেছিল ১০৫ ম্যাচ।

বার্লিনের বিপক্ষে ৫৪ মিনিটে ওলিসের দুর্দান্ত ক্রসে দ্বিতীয় গোলটি করেন কেইন। বায়ার্নে এ নিয়ে ১৫৪ ম্যাচে ১৫২ গোল হয়ে গেল তাঁর। ৩৪ অ্যাসিস্টও (গোল করানো) আছে। অর্থাৎ বায়ার্নে কেইন ১৫৪ ম্যাচে ১৮৬ গোলে অবদান রেখেছেন!

আগের মৌসুমগুলোর মতো পারফরম্যান্স ধরে রাখতে পারলে চলতি মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ২০০ গোলের দেখা পাওয়া কেইনের জন্য অসম্ভব কিছু নয়। চলতি মৌসুম শেষে বায়ার্নের সঙ্গে কেইনের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। নতুন চুক্তি সই করলে বুন্দেসলিগায় নিজের গোলসংখ্যাকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর সামনে।

ভবিষ্যৎ নিয়ে কেইন বলেন, ‘আমি এখানে ভীষণ সুখে আছি। (চুক্তি নবায়ন নিয়ে) আলোচনা চলছে এবং সামনের দিনগুলোতেও চলবে। আমার খেলা এবং সমর্থকদের সঙ্গে আমার সম্পর্কের রসায়ন দেখলেই তা বোঝা যায়।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ