বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারির সমালোচনা করায় মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ
২০ অক্টোবর, ২০২৬ এ ১০:২৪ AM

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩–২ গোলে হেরে বিদায় নেয় মিসর। সে ম্যাচে রেফারির সমালোচনা করায় মিসর কোচ হোসাম হাসানকে তিন ম্যাচ ও ফরোয়ার্ড মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। গতকাল খবরটি জানায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
রেফারির ভুলকে মিসরের বিদায়ের কারণ হিসেবে দায়ী করায় শাস্তি পেয়েছেন ৬০ বছর বয়সী কোচ হাসান। হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘মাঠের ভেতরে কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরে কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।’
হাসান আরও বলেছিলেন, ‘বাস্তব জীবন অন্যায্য হতে পারে, কিন্তু খেলাধুলায়ও কেন ন্যায্যতা থাকবে না?’ এই ম্যাচের ফল এবং যেভাবে সবকিছু ঘটেছে, তাতে আমি সন্তুষ্ট নই। বলতে চাই “দুর্ভাগ্য”, কিন্তু বাস্তবে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে।’
জিকো শাস্তি পেয়েছেন ম্যাচ–পরবর্তী সাক্ষাৎকারে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে নিয়ে কটূক্তি করার জন্য। মিসর কোচ হাসানের যমজ ভাই এবং মিসরের জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) বিবৃতিতে বলা হয়, ‘সিদ্ধান্ত অনুযায়ী হোসাম হাসান ও ইব্রাহিম হাসান দুজনেই তিন ম্যাচ করে এবং জিকো পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।’
আপিলের আইনি দিক খতিয়ে দেখতে এবং সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ফিফার শৃঙ্খলা কমিটির কাছে এই শাস্তির বিস্তারিত কারণ জানতে চেয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।
আটলান্টায় অনুষ্ঠিত সে ম্যাচে ২–২ গোলে সমতায় থাকতে শেষ দিকে মিসরের খেলোয়াড়দের পেনাল্টির আবেদন নাকচ হয়। তার আগে খেলার ‘বিল্ড আপে’ ফাউলের অভিযোগে জিকোর গোল বাতিল হয়। ম্যাচে ৭৭ মিনিট পর্যন্ত ২–০ গোলে এগিয়ে ছিল মিসর। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো, ৮৩ মিনিটে লিওনেল মেসি ও যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার হয়ে গোল তিনটি করেন।
তবে ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা ম্যাচটির রেফারি লেতেক্সিয়েরের পক্ষ নিয়ে বলেছিলেন, এ ধরনের অভিযোগ রেফারি ও তাঁদের পরিবারের বিরুদ্ধে হুমকির কারণ হতে পারে।
এই নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বে পরবর্তী রাউন্ডে মালাউইয়ের বিপক্ষে ম্যাচে হোসাম হাসান ও ইব্রাহিম হাসানকে পাচ্ছে না মিসর। মার্চের আন্তর্জাতিক বিরতিতে প্রথম ম্যাচেও তাঁদের অনুপস্থিত থাকার কথা। জিকোকে জাতীয় দলের বাইরে থাকতে হবে আগামী জুন পর্যন্ত।
গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দলটিকে ১–০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:১৩ AM · বাংলা ট্রিবিউন
‘মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে’
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৪ AM · বাংলা ট্রিবিউন
মায়ের চিকিৎসার টাকা দিয়ে কেনা ব্যাট, মাহফিজুলের ক্রিকেটার হওয়ার গল্প
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
টেস্টে সর্বোচ্চ রান মুশফিকের, সাকিব-তামিমরা কত নম্বরে?
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রথম আলো
