শাহজাদপুর সংবাদ

মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার

১০ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM

মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার

গুরুতর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন, দলও জিতেছে শিরোপা। এমন আনন্দের দিনে লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন না বোকা জুনিয়র্সের ১৯ বছর বয়সী প্রতিভা তোমাস আরান্দা। বিশ্ব ফুটবলের সম্ভাবনাময় তরুণদের তালিকায় তাকে রেখেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক। মেসির কাছ থেকে পাওয়া সেই স্বীকৃতিকে নিজের জন্য বিশেষ সম্মান মনে করছেন আরান্দা।

শনিবার লা বোম্বোনেরায় ডিফেন্সা ই হুস্তিসিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার লিগ শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স। এনার ভ্যালেন্সিয়ার গোলে নিশ্চিত হয় জয়। ম্যাচের ৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আরান্দা। শিরোপা জয়ের পর উদযাপনের সময় মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কয়েক সপ্তাহ আগে নতুন এক অ্যাডিডাস বিজ্ঞাপন প্রচারের অংশ হিসেবে বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ১০ তরুণকে বেছে নিয়েছিলেন মেসি। সেই তালিকায় জায়গা পেয়েছিলেন বোকা জুনিয়র্সের ১০ নম্বর জার্সিধারী আরান্দা।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আরান্দা বলেন, ‘সত্যি বলতে, আমি যেমনটা সব সময় বলি, এটা আমার জন্য বিশেষ সম্মান। তার কাছ থেকে প্রশংসা পাওয়া, তার কাছে নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তার এবং সবার প্রতি আমি শতভাগ কৃতজ্ঞ।’

মেসির বেছে নেওয়া বৈশ্বিক তালিকায় একমাত্র আর্জেন্টাইন ছিলেন আরান্দা। নারী ফুটবলসহ বিভিন্ন দেশের তরুণ প্রতিভাদের নিয়ে তৈরি হয়েছিল সেই তালিকা। শুধু তালিকায় জায়গা দিয়েই থামেননি মেসি, হাতে লেখা বার্তায় তরুণ এই ফুটবলারকে স্বীকৃতিও দিয়েছেন। সেখানে লেখা ছিল, ‘ভবিষ্যতের তারকা’।

মেসির এই স্বীকৃতির সঙ্গে ছিল বিশেষ উপহারও। নিজের আইডলের পছন্দের বুট পরার স্বপ্ন পূরণ হয়েছে আরান্দার। তাকে দেওয়া হয়েছে অ্যাডিডাসের ‘ফুতবল ই ফামিলিয়া’ সংস্করণের এক জোড়া এফ৫০ বুট। তাতে রয়েছে মেসির আনুষ্ঠানিক লোগো।

শনিবারের শিরোপা জয় আরান্দার জন্য আরও আবেগের। হাড় ভেঙে যাওয়ায় ৭২ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। চোটের কারণে মৌসুমের বাকি অংশ তো বটেই, ২০২৭ সালের আগে আর মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল।

কঠিন সেই সময়ের কথা স্মরণ করে আরান্দা বলেন, ‘সময়টা আমার জন্য কঠিন ছিল। পরিবার ও বোকা জুনিয়র্সের চিকিৎসকদের সহযোগিতায় মাঠে ফিরতে পেরেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি।’

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ