টেস্টে সর্বোচ্চ রান মুশফিকের, সাকিব-তামিমরা কত নম্বরে?
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনের খেলায় ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম ও শেষ দিনে এই কীর্তি গড়েন তিনি।
লাঞ্চ বিরতির কিছুক্ষণ পর ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজের বলে এক রান নিয়ে ব্যক্তিগত সংগ্রহ ৯-এ পৌঁছান মুশফিক। তাতেই টেস্টে সাত হাজার রানের ঘরে প্রবেশ করেন তিনি। তবে ঐতিহাসিক এই মুহূর্ত নিয়ে মুশফিক নিজেই ছিলেন পুরোপুরি অজ্ঞাত। ব্যাটিংয়ে ব্যস্ত মুশফিক বুঝতেই পারেননি, দেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন। ড্রেসিংরুমের বারান্দায় সতীর্থরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাতে শুরু করলে বিষয়টি বুঝতে পারেন। সতীর্থদের করতালি ও দাঁড়িয়ে অভিবাদনেই ধরা পড়ে তার কীর্তির মাহাত্ম্য। অথচ আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফিরে গড়েছেন অনন্য এই কীর্তি।
বাংলাদেশের ইতিহাসে মুশফিক এখন একক উচ্চতায়। ২০২২ সালে দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। ২০২৪ সালে পৌঁছান ছয় হাজারে। এবার সাত হাজারের ঘরেও প্রথম বাংলাদেশি হিসেবে নাম লেখালেন।
২০০৫ সালে টেস্ট অভিষেকের পর থেকে বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি। সিলেটের এই ম্যাচটি তার ক্যারিয়ারের ১০৭তম টেস্ট। গত নভেম্বরে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তিও গড়েছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতেন। প্রথম এক হাজার টেস্ট রান করতে তার লেগেছিল ২০ ম্যাচ। ২০১১ সালে অধিনায়কত্ব পাওয়ার পর ব্যাটিংয়ের পাশাপাশি দলের ভেতরেও তার দায়িত্ব বেড়ে যায়।
টেস্টে মুশফিকের সেঞ্চুরি ১৪টি। তার অপরাজিত ২১৯ রান ছিল বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই সিলেট টেস্টেই তাওহীদ হৃদয় অপরাজিত ২৪২ রান করে সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন।
সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকের ওয়ানডেতে রান ৬ হাজার ৬৯৭ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ৪৯৫। এখন তার পুরো মনোযোগ টেস্ট ক্রিকেটে।
ছয় হাজার থেকে সাত হাজারে পৌঁছাতে মুশফিকের লেগেছে মাত্র ২৫ ইনিংস। বাংলাদেশের অন্য ব্যাটারদের সঙ্গে তার ব্যবধানও বেশ বড়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের রান ৫ হাজার ২৯৩। সাবেক ওপেনার তামিম ইকবাল আছেন তৃতীয় স্থানে। চারে রয়েছেন সাকিব আল হাসান।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:১৩ AM · বাংলা ট্রিবিউন
‘মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে’
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৪ AM · বাংলা ট্রিবিউন
মায়ের চিকিৎসার টাকা দিয়ে কেনা ব্যাট, মাহফিজুলের ক্রিকেটার হওয়ার গল্প
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রথম আলো
দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM · প্রথম আলো
