শাহজাদপুর সংবাদ

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদ ৫ লাখ ২২ হাজার

১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮ AM

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদ 
৫ লাখ ২২ হাজার

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংসদীয় কমিটির সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত পদ আছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে কর্মরত জনবল ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

বৈঠকে জানানো হয়, শূন্য পদ পূরণে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের যাত্রা শুরু থেকে প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্য ছিল। এর মধ্যে ২ হাজার ৬১টি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিরোধী দলের একজন সদস্য অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও একজনকে নিয়োগ দেওয়া হয়নি। কোনো কোনো কর্মকর্তাকে রাজনৈতিক কারণে বদলি করা হয়েছে।

‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলা করা ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কোন কোন প্রকল্পে ধীরগতি আছে, সেটিও অনুসন্ধান করার সুপারিশ করেছে কমিটি। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। কমিটি রাষ্ট্র মেরামতে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেয়।

কমিটির সভাপতি সাঈদ আহমেদ বৈঠকে বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব কোনো বাধা থাকলে তা কমিটির সামনে তুলে ধরতে হবে। কোনো বিষয় গোপন না করে প্রয়োজনীয় তথ্য, প্রাসঙ্গিক নথি এবং বাস্তব পরিস্থিতি উপস্থাপন করতে হবে। নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে হবে। জবাবদিহি নিশ্চিত করতে হবে। ডিজিটাল সেবা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিকের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হয়। তাই সেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

কমিটির সভাপতি আরও বলেন, ‘সমস্যা সমাধানে আমাদের পূর্বের ধ্যানধারণা থেকে বের হয়ে এসে জবাবদিহি, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। আপনারা ভুলে যাবেন না যে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। কোনো দলের, ব্যক্তির বা গোষ্ঠীর নন। এই কমিটিকে কেউ প্রতিপক্ষ ভাববেন না, এটি আমাদের সবার কমিটি।’

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আহমেদ। সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, এ বি এম আশরাফ উদ্দিন, শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার ও মো. নূরুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদ ৫ লাখ ২২ হাজার | শাহজাদপুর সংবাদ