বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৮ PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণ যে সময়ের জন্য ম্যান্ডেট দিয়েছে, সে সময় পর্যন্ত সরকার ক্ষমতায় থাকবে। কোনো হুমকি-ধমকি দিয়ে এতে লাভ হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জামায়াতে ইসলামী যারা রাসুল (সা.) কিংবা নবীদের নিয়েও বিতর্কিত কথা বলে, তারা কেমন ইসলাম চর্চা করে—এ নিয়ে প্রশ্ন রয়েছে। তার দাবি, জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে ইসলাম নয়।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দেখা দিলে সরকার জনগণের কাছে গেছে। জনগণ ধৈর্য ধরেছেন এবং আল্লাহর রহমতে সেই সমস্যার সমাধান করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর সিরাজগঞ্জের মাটিতে তার এমন কোনো নেতাকর্মী নেই, যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হননি। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করেছে বলেও দাবি করেন তিনি। অন্যায়-অত্যাচারের পাল্লা ভারী হওয়ার পর জুলাই বিপ্লব হয়েছে উল্লেখ করে তিনি জুলাই বিপ্লবের আত্মত্যাগী ও আত্মনিবেদিত সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, যারা জীবন দিয়েছেন, তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন বলেও তিনি দাবি করেন।
বিএনপির বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, তারেক রহমান জনগণের কাছে যেসব ওয়াদা করেছিলেন, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বিভিন্ন ভাতা কার্যক্রম বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।
সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আমিরুল ইসলাম খান।
সমাবেশে আরও বক্তব্য দেন সেলিম রেজা এমপি, আয়নুল হক এমপি, সাবেক সংসদ সদস্য আকবর আলী ও জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: সিরাজগঞ্জের কাগজ
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
