বাঁধনের ওপর হামলা থেকে কনসার্ট স্থগিত—সেপ্টেম্বরের আলোচিত চার ঘটনা
১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০ AM

সেপ্টেম্বরজুড়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনে আলোচনায় ছিল নানা ঘটনা। ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা, অস্কারে বাংলাদেশ থেকে রইদ-এর যাত্রা, ঢাকায় তিন কনসার্ট স্থগিত এবং আশির দশকের লুকে তারকাদের ছবি—ভিন্ন ভিন্ন কারণে চারটি ঘটনাই নজর কেড়েছে।
ভেনিসে বাঁধনের ওপর হামলা
৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্মাতা রুবাইয়াত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড-এর প্রদর্শনীতে অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি।
পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে পার্কে হামলার শিকার হন বাঁধন। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন তিনি।
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। ঘটনার প্রতিবাদে ঢাকায় শিল্পীরা মানববন্ধন করেন।
অস্কারে বাংলাদেশের ‘রইদ’
৯৯তম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের রইদ। ২৭ সেপ্টেম্বর এই ঘোষণা দেয় অস্কার বাংলাদেশ কমিটি। অস্কারে পাঠানোর জন্য বাংলাদেশ থেকে পাঁচটি সিনেমা জমা পড়েছিল।
সেগুলোর মধ্য থেকে ছবিটি বেছে নেয় অস্কার বাংলাদেশি কমিটি। গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রইদ-এ অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
তিন কনসার্ট স্থগিত
২৫ সেপ্টেম্বর ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্টে জেমস, আলী আজমত, মুস্তাফা জাহিদ, জাল, লেভেল ফাইভ, নেমেসিস ও শিরোনামহীন ব্যান্ডের গাওয়ার কথা ছিল। একই দিনে ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ আয়োজনে পাকিস্তানের মুর্তজা কিজিলবাশের সঙ্গে হাবিব ওয়াহিদের গাওয়ার কথা ছিল।
২৬ সেপ্টেম্বর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’-এ কাবিশের সঙ্গে শিরোনামহীন ও মেঘদলের পরিবেশনার কথা ছিল। তবে শেষ মুহূর্তে অনুমতি ও নিরাপত্তাসংক্রান্ত জটিলতায় তিনটি অনুষ্ঠানই স্থগিত হয়ে যায়।
আশির দশকের লুকে তারকারা
সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তারকাদের আশির দশকের লুকের ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এসব ছবিতে সেই সময়ের পোশাক, চুল ও সাজে তারকাদের দেখা যায়। তারকা থেকে সাধারণ মানুষ—অনেকেই এমন ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
পূর্ণিমা, অপূর্ব, ভাবনা, তৌসিফ মাহবুব, তমা মির্জা, পূজা চেরী, সাফা কবির, অর্চিতা স্পর্শিয়া ও নাবিলাসহ তারকারা নিজেদের এমন ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করেন।
কারও ছবিতে পুরোনো বাংলা সিনেমার নায়িকার সাজ, কারও ছবিতে আবার সেই সময়ের চুলের স্টাইল ও পোশাক। ছবিগুলো দেখে অনেকেই ফিরে গেছেন ঢাকাই সিনেমার পুরোনো দিনের স্মৃতিতে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
১ অক্টোবর, ২০২৬ এ ১:০০ PM · বাংলা ট্রিবিউন
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৫ PM · বাংলা ট্রিবিউন
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM · বাংলা ট্রিবিউন
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩০ AM · বাংলা ট্রিবিউন
