শাহজাদপুর সংবাদ

টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা

১ অক্টোবর, ২০২৬ এ ১:০০ PM

টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা

অক্টোবরে দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে নানা ঘরানার ৬টি সিনেমা। এর মধ্যে রয়েছে টম ক্রুজ অভিনীত ‘ডিগার’, কলিন হুভারের ‘ভেরিটি’, জেন অস্টিনের ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’র নতুন সংস্করণ এবং বহুল জনপ্রিয় ভিডিও গেম ‘স্ট্রিট ফাইটার’-এর নতুন চলচ্চিত্র রূপ।

গত এক দশকে ‘মিশন: ইম্পসিবল’, ‘জ্যাক রিচার’ ও ‘দ্য মামি’র মতো সিনেমায় দুঃসাহসী স্টান্ট ও প্রাণবন্ত অ্যাকশন দৃশ্যের জন্য পরিচিত হয়েছেন টম ক্রুজ। এবার তাকে দেখা যাবে কিছুটা ভিন্নধর্মী চরিত্রে। আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’ একটি ব্যঙ্গাত্মক প্রহসনমূলক চলচ্চিত্র।

ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষায় পর্দায় দেখা যাবে তাকে। ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকরা রীতিমত বিস্মিত তার এই রূপান্তর দেখে। সিনেমাটি নিয়ে আলোচনার বড় কারণ শুধু মেকআপ নয়, বরং টম ক্রুজের দীর্ঘদিনের তারকাসুলভ ইমেজ থেকে বেরিয়ে আসার ইচ্ছা। আন্তর্জাতিকভাবে ১ ও ২ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জেন অস্টিনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে জর্জিয়া ওকলি পরিচালিত ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’। এতে ড্যাশউড বোনের চরিত্রে অভিনয় করেছেন ডেইজি এডগার-জোনস ও এসমেই ক্রিড-মাইলস। বাবার মৃত্যুর পর তাদের পারিবারিক ভিটেমাটি ছাড়তে হয়। তাদের প্রণয়প্রার্থী এডওয়ার্ড ফেরার্স, কর্নেল ব্র্যান্ডন ও জন উইলোবির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে জর্জ ম্যাকে, হার্বার্ট নর্ডরাম ও ফ্রাঙ্ক ডিলান। বোনদের আন্তরিক হিতৈষী মিসেস জেনিংসের চরিত্রে রয়েছেন ফিওনা শ। বিবিসির মলি গোরম্যানের মতে, চলচ্চিত্রটি দৃশ্যত অত্যন্ত চমৎকার এবং ইংল্যান্ডের গ্রামাঞ্চলের স্বাভাবিক ও প্রাণবন্ত চিত্রগ্রহণ এতে রোমান্টিক আবহ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৬ অক্টোবর এবং আন্তর্জাতিকভাবে পুরো অক্টোবর মাসজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ভেরিটি’ গত তিন বছরে চতুর্থ। এর আগে ২০২৪ সালের বড় সাফল্য পাওয়া ‘ইট এন্ডস উইথ আস’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে ‘ভেরিটি’তে রয়েছে গা ছমছমে ও রোমাঞ্চকর আবহ। নাম ভূমিকায় অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। এ সিনেমাতে আবেদনময়ী, রহস্যময়, গথিক ও ভয়ের আবহের পাশাপাশি চমকপ্রদ ও নাটকীয় উপাদান রয়েছে। আন্তর্জাতিকভাবে ১ ও ২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

হ্যালোইন উপলক্ষে গা ছমছমে ভয়ের সিনেমা হিসেবে আসছে ‘আদার মামি’। জশ ম্যালারম্যানের ‘বার্ড বক্স’খ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ‘হোস্ট’খ্যাত রব স্যাভেজ। ছবিতে জেসিকা চ্যাস্টেইন দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। আন্তর্জাতিকভাবে ৮ ও ৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

লি চ্যাং-ডংয়ের ‘বার্নিং’ মুক্তির আট বছর পর আবারও চলচ্চিত্র নিয়ে ফিরেছেন এই কোরীয় লেখক-পরিচালক। ‘পসিবল লাভ’ ক্ষমতা ও সামাজিক বিভাজনের একটি চিত্র তুলে ধরে। গল্পটি দুই দম্পতিকে কেন্দ্র করে। এক দম্পতি (চো ইও-জেং ও জো ইন-সাং) স্বচ্ছল ও বিত্তবান। অন্য দম্পতি (জিওন দো-ইওন ও সুল কিউং-গু) স্বামীর কারখানার চাকরি হারানোর পর কঠিন পরিস্থিতির মুখোমুখি।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা ও জাপানে ২৩ অক্টোবর এবং পরবর্তীতে নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’-এর সাফল্যের পর ২০২০-এর দশকে ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের জনপ্রিয়তা বেড়েছে। এবার বড় পর্দায় আসছে ক্যাপকমের জনপ্রিয় হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট গেম ‘স্ট্রিট ফাইটার’। ১৯৯৪ সালে কাইলি মিনোগ ও জঁ-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সংস্করণের পর নতুন এই চলচ্চিত্রটি দর্শকদের সামনে নতুনভাবে হাজির হবে। এতে নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি অভিনয় করছেন। সবুজ চামড়ার ‘ব্ল্যাঙ্কা’ চরিত্রে দেখা যাবে জেসন মোমোয়াকে। ‘ব্যাড ট্রিপ’ ও ‘দ্য এরিক আন্দ্রে শো’-এর পরিচালক কিতাও সাকুরাই ছবিটি পরিচালনা করেছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ