শাহজাদপুর সংবাদ

বগুড়ায় টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তৈরি; কারখানা মালিককে জরিমানা

১৩ আগস্ট, ২০২৬ এ ২:২৯ AM

বগুড়ায় টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তৈরি; কারখানা মালিককে জরিমানা

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের একটি কারখানায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশু খাদ্য তৈরি এবং নোংরা পরিবেশে পচা-পোকাযুক্ত উপাদান ব্যবহারের অপরাধে ‘পূজা মিশ্রি ঘর’-এর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সদর থানার বৃন্দাবন পাড়ায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। একই সাথে সেখান থেকে জব্দ করা প্রায় ১০ মণ পচা ও পোকাযুক্ত মিশ্রি জনসম্মুখে ধ্বংস করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, বিকেলের এই অভিযানে সিপিএসসি বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. রাসেল মিয়া নেতৃত্ব দেন।

অভিযানকালে বৃন্দাবন পাড়ার পূজা মিশ্রি ঘর কারখানায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশু খাদ্য, তাল মিশ্রি তৈরি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাতাসা ও সাদা মিশ্রি তৈরি, নকল মোড়কে তাল মিশ্রি মোড়কজাতকরণ এবং বিপুল পরিমাণ পচা ও পোকাযুক্ত মিশ্রি পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় মোবাইল কোর্ট মামলা (নম্বর: ১৩৭/২০২৬) করে কারখানার মালিক সুমা সরকারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বগুড়া সদর থানার শিববাটি এলাকার শ্রী কাজল সরকারের স্ত্রী।

ঘটনার নিশ্চিত করে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বলেন, ‘ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন রোধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।’

The post বগুড়ায় টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তৈরি; কারখানা মালিককে জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ