শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে অস্ত্রসহ বাইকার গ্রেপ্তার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৬ PM

সিরাজগঞ্জে অস্ত্রসহ বাইকার গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুরে রিভলভার ও ৩ রাউন্ড তাজা গুলিসহ নাসিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

​গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

​সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে কাজিপুর উপজেলার সীমান্তবাজার এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে চেকপোস্ট বসায় পুলিশ। রাত আনুমানিক ১টার দিকে একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামানোর সংকেত দিলে পেছনের আরোহী লাফ দিয়ে পালিয়ে যান। তবে চালক নাসিম হোসেনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় ৩ রাউন্ড তাজা গুলিসহ একটি রিভলভার উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত 'ইয়ামাহা এফজেড' মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

​ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, এ ঘটনায় অস্ত্র আইনে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

​সংবাদ সম্মেলনে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক এদিন

সম্পর্কিত সংবাদ