শাহজাদপুর সংবাদ

অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩৭ PM

অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুরে সীমান্তবাজারে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলভার, ৩ রাউন্ড গুলি ও মোটরসাইকেলসহ নাসিম হোসেন (৩০) নামে এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান ও কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জ সদরের কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, গত ২৭ সেপ্টেম্বর কাজিপুর থানা-পুলিশ সীমান্তবাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। রাত ১টার দিকে দুই আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় পেছনের আরোহী লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যান।

পরবর্তীতে চালক নাসিমকে তাৎক্ষণিকভাবে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কোমর থেকে একটি রিভলভার ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত ইয়ামাহা ব্র্যান্ডের একটি এফজেড মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এ/১৯ (এফ) ধারায় কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্র: Daily Bangla Post

সম্পর্কিত সংবাদ