শাহজাদপুর সংবাদ

ফুডপান্ডা রাইডারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর

২১ আগস্ট, ২০২৬ এ ৭:৫৫ AM

ফুডপান্ডা রাইডারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর

সোহান সেখ:

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ফুডপান্ডা রাইডারদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি রাইডারদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও কর্মপরিবেশ সম্পর্কে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অবস্থিত গুড ফুড রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি ফুডপান্ডা রাইডারদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

সভায় সাইদুর রহমান বাচ্চু বলেন, আজ তোমাদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রচণ্ড রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত পরিশ্রম করে তোমরা মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দিচ্ছো। করোনাকালীন সংকটময় সময়েও জীবনের ঝুঁকি নিয়ে তোমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছো।

তিনি রাইডারদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বলেন, রাতের বেলায় ডেলিভারি দিতে গিয়ে অনেক রাইডার নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হন। আমি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

রাইডারদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে কিছু অসাধু ব্যক্তির খাবারের অর্ডার দিয়ে হয়রানি করা এবং বাসার নিচে রাখা সাইকেল বা মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, “করোনাকালীন সময়ে আমি দীর্ঘ সময় বাড়ির বাইরে ছিলাম। তখন আমার পরিবারের সদস্যরা তোমাদের সেবার মাধ্যমে খাবার গ্রহণ করতেন। তোমাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতায় আমরা সন্তুষ্ট। অনেকেই লেখাপড়ার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে পরিবারকে সহযোগিতা করছো, যা সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে রাইডারদের পক্ষে বক্তব্য দেন টুটুল। তিনি বলেন, দল-মত নির্বিশেষে আপনি একজন ত্যাগী ও নির্যাতিত নেতা। আপনার সামাজিক কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করে। আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।

মতবিনিময় শেষে সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ফুডপান্ডা রাইডারদের হাতে ছাতা তুলে দেন। রোদ ও বৃষ্টির মধ্যে দায়িত্ব পালনকারী রাইডারদের প্রতি সম্মান ও সহমর্মিতার নিদর্শন হিসেবে তিনি এ উপহার প্রদান করেন। ছাতা পেয়ে রাইডাররা আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে অভিহিত করেন।

The post ফুডপান্ডা রাইডারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ