শাহজাদপুর সংবাদ

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর চার্লসকে দেখে মনে হয়েছিল, তিনি ‘লটারি’ জিতেছেন

১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৮ AM

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর চার্লসকে দেখে মনে হয়েছিল, তিনি ‘লটারি’ জিতেছেন

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর তাঁর সাবেক স্বামী ও যুক্তরাজ্যের বর্তমান রাজা চার্লসকে দেখে মনে হয়েছিল তিনি যেন লটারি জিতেছেন। ডায়ানার ভাই চার্লস স্পেন্সারের লেখা একটি নতুন বইয়ে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে বইটির নতুন কিছু অংশ প্রকাশিত হওয়ার পর এ তথ্য সামনে আসে।

ডায়ানার ভাই চার্লস স্পেন্সার তাঁর বইয়ে লিখেছেন, ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর ঠিক পরপরই তৎকালীন প্রিন্স চার্লসকে দারুণ উচ্ছ্বসিত মনে হয়েছিল। ডায়ানার মৃত্যুর ফলে চার্লস হয়তো ভেবেছিলেন, পছন্দের মানুষকে (বর্তমান কুইন এসকর্ট ক্যামিলা পার্কার) বিয়ে করার জন্য তাঁর সামনে আর কোনো বাধা রইল না।

স্পেন্সার বইটিতে ডায়ানার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার ঠিক পরের মুহূর্তের কথা উল্লেখ করে লেখেন, ‘অন্য শুভাকাঙ্ক্ষীদের মতো তিনি (চার্লস) বাক্‌রুদ্ধ ছিলেন না। শোক প্রকাশ করতে গিয়ে তাঁর গলাও ধরে আসেনি। উল্টো তাঁকে অনেক প্রফুল্ল দেখাচ্ছিল। তখন আমার মনে হয়েছিল, তিনি যেন লটারি জিতেছেন।’

স্পেন্সার আরও বলেন, এখন পেছন ফিরে তাকালে তাঁর মনে হয়, চার্লস যাঁকে ভালোবাসতেন না (ডায়ানা) তাঁকে হারানোর কষ্টের চেয়ে, যাঁকে মনেপ্রাণে ভালোবাসতেন (ক্যামিলা) তাঁকে বিয়ে করার সুযোগের কথাই প্রথম তাঁর মনে উঁকি দিয়েছিল।

গত বুধবার স্পেন্সারের বইয়ের প্রথম অংশ প্রকাশের পর সমালোচনার জবাব দেওয়ার বিরল উদ্যোগ নেন চার্লস। তাঁর মুখপাত্রের মাধ্যমে চালর্স বলেন, শোক মানুষের যুক্তি, বিচারবোধ ও স্মৃতিশক্তি প্রভাবিত করতে পারে।

তবে বইটির নতুন প্রকাশিত অংশ নিয়ে রাজপ্রাসাদের পক্ষ থেকে আর কোনো মন্তব্য করা হয়নি।

নতুন প্রকাশিত এ অংশে আরও দাবি করা হয়েছে, মানসিক যন্ত্রণার কারণে ডায়ানা কয়েকবার নিজেই গাড়ি চালিয়ে যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে আত্মহত্যার জন্য পরিচিত একটি জায়গায় গিয়েছিলেন। কিন্তু দুই ছেলে উইলিয়াম ও হ্যারির কথা ভেবে পরে আত্মহত্যা থেকে বিরত থেকেছেন।

১৯৯২ সালে চার্লস ও ডায়ানা আলাদা হয়ে যান। ১৯৯৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে চার্লস ও ক্যামিলা পার্কারের প্রেমের দিকে ইঙ্গিত করে ডায়ানা বলেছিলেন, ‘আমাদের এ বিয়েতে আসলে আমরা তিনজন ছিলাম।’ অর্থাৎ ডায়ানা বলতে চেয়েছেন, কাগজে-কলমে বিয়েটা চার্লস ও তাঁর হলেও বাস্তবে ক্যামিলার উপস্থিতির কারণে তাঁদের দাম্পত্যে কোনো গোপনীয়তা বা একনিষ্ঠতা ছিল না।

পরে ২০০৫ সালে ক্যামিলা পার্কারকে বিয়ে করেন চার্লস। ১৯৯৭ সালে মাত্র ৩৬ বছর বয়সে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় প্রেমিক দোদি আল-ফায়েদসহ নিহত হন ডায়ানা।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ