পেশায় পাইপ মিস্ত্রি, মনে ইচ্ছে সুপারহিরো হওয়ার, স্টান্টের ভিডিয়ো বানিয়ে ভাইরাল সিরাজগঞ্জের ‘ক্রিশ’
১৪ অক্টোবর, ২০২৬ এ ২:১২ PM

মুখে কালো রঙের মুখোশ। পরনে কালো পোশাক। কেউ বিপদে পড়লেই ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধার করে আনছে সে। কখনও জ্বলন্ত বাড়ির মধ্যে ঢুকে পড়ে আবার কখনও বহুতল বাড়িতে বিপদে পড়া মানুষদের উদ্ধার করছে। টিভির পর্দায় জনপ্রিয় চরিত্র ‘ক্রিশ’-এর এমন সব কর্মকাণ্ড দেখে নিজেও সুপারহিরো হওয়ার স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের সিরাজগঞ্জের বাসিন্দা মহম্মদ আল মামুন। আর সেই স্বপ্ন পূরণ করতেই জীবিকা নির্বাহ করার পাশাপাশি, ডিগবাজি-সহ নানা স্টান্ট করতে শুরু করেন মামুন। ক্রিশের মতো সাজতে বোনের একটি কালো রঙের বোরখা ব্যবহার করেন তিনি। সমাজ মাধ্যমে সেই সব স্টান্টের ভিডিয়ো পোস্ট করে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন মামুন।
সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়ার বাসিন্দা মামুন। পেশায় তিনি পাইপ লাইনের মিস্ত্রি। জীবিকা নির্বাহের জন্য দিনের বেলায় জলের লোহার পাইপ মেরামতিই তাঁর কাজ। আর কাজের মাঝে অবসর পেলেই ‘ক্রিশ’ হয়ে ওঠার স্বপ্ন পূরণ করার চেষ্টা করেন। সিনেমার পর্দায় দেখা ক্রিশের মতো পোশাক পরে ডিগবাজি খান শূন্যে। আবার কখনও চলন্ত নাগরদোলা ধরে ঝুলে পড়েন। উঁচু কোনও পাঁচিল থেকে ব্ল্যাকফ্লিপ করে নীচে নেমে আসেন অদ্ভুত কায়দায়। তাঁর এমন কসরত দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। সমাজ মাধ্যমেও এমন স্টান্টের ভিডিয়ো পোস্ট করেন মামুন। দর্শকদের থেকে ভালোই সাড়া মিলেছে বলেও জানিয়েছেন তিনি।
তবে, ক্রিশের মতো পোশাক তৈরি করার মতো বাজেট বা সামর্থ্য নেই মামুনের। তাই বোনের একটি পুরোনো বোরখা কেটে তা দিয়েই নিজের মাপমতো একটি পোশাক তৈরি করে নিয়েছেন মামুন। তাঁর এই কসরত দেখে ভক্তরা তাঁকে ভালোবেসে ডাকেন ‘বাংলার ক্রিশ’ বলেও। মামুন জানিয়েছেন, আগে তিনি ডিগবাজি খাওয়ার ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্ট করলেও তা বিশেষ সাড়া পায়নি। তবে, ক্রিশের পোশাক পরে ভিডিয়ো তৈরি শুরু করতেই ব্যাপক সাড়া মিলেছে।
তবে, শুধুই সমাজ মাধ্যমে আটকে থাকতে চান না মামুন। নিজের প্রতিভাকে বিকাশ করতে একটা যথাযথ প্ল্যাটফর্ম চান মামুন। তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার গণ্ডি ছাড়িয়ে একদিন সিনেমার জগতে পা রাখতে চান তিনি। পর্দায় কোনও সুপারহিরোর চরিত্রে অভিনয় করতে চান মামুন।
সূত্র: Ei Samay
সম্পর্কিত সংবাদ
শীতের আগেই আখের গুড় তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের চাষিরা
২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪১ AM · Sarabangla
তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
২ নভেম্বর, ২০২৬ এ ৮:১৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সাফল্য ধরে রেখে এইচএসসিতেও জিপিএ–৫ পেলেন অদম্য মেধাবী সাদিয়া তাসনিম
১ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ PM · প্রথম আলো
জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
১ নভেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
১ নভেম্বর, ২০২৬ এ ১০:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ঘুরতে গিয়ে কোথায়-কী খাবেন, এই ৭ জায়গা চেনেন?
১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৩ PM · দ্য ডেইলি স্টার বাংলা
