পর্যটন মেলায় ভ্রমণপিপাসুদের জন্য নানা অফার, কী আছে অফারে
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩১ PM

পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান বঙ্গ হলিডেস ইউরোপের ৩ দেশে ৯ রাত ১০ দিন ভ্রমণের প্যাকেজ অফার দিয়েছে। রাজধানীতে চলমান পর্যটন মেলায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি এই অফার দিচ্ছে ভ্রমণপিপাসুদের জন্য। ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন ও সুইজারল্যান্ড—এই ৫ দেশের মধ্যে যেকোনো ৩ দেশে ভ্রমণে ইচ্ছুকদের জন্য এই অফার। এ জন্য বঙ্গ হলিডেসের প্যাকেজমূল্য ৩ লাখ ৯৯ হাজার টাকা।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলমান তিন দিনের পর্যটন মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ভ্রমণপিপাসুদের জন্য আকর্ষণীয় অফার দিয়েছে। আজ মেলার শেষ দিন হলেও অফার চলবে সেপ্টেম্বর মাসজুড়ে।
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) এই পর্যটন মেলাযর আয়োজন করেছে। মেলায় দর্শনার্থীদের ভিড় আছে। অনেকেই নিজেদের পছন্দমতো অফার খুঁজছেন।
মেলায় ঘুরতে এসেছেন তানভীরুল হাসান দম্পতি। একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত তানভীরুল জানান, তাঁরা ইতিমধ্যে ছয়টি দেশ ঘুরেছেন। ভবিষ্যতে ভুটানে যাওয়ার পরিকল্পনা করছেন। সে জন্য কোনো অফার আছে কি না, সেটা দেখার জন্য মেলায় এসেছেন তাঁরা।
একইভাবে মেলায় এসেছেন আইনজীবী মাহবুবুল আলম দম্পতি। ইতিমধ্যে ১৫টি দেশে গেছেন এই দম্পতি। এখন ফ্রান্সে যেতে চান। সে জন্য অফারের পাশাপাশি ভিসা প্রসেসিংয়ের বিষয়ে জানতে এসেছেন।
এভাবে ৫০ টাকা টিকিট কেটে অনেকেই মেলায় এসেছেন অফার দেখতে।
অ্যামাজিং ট্যুরস বিডি লিমিটেড শ্রীলঙ্কায় ৬ রাত ৭ দিনের অফার দিচ্ছে ১ লাখ ৪৫ হাজার টাকায়। প্রতিষ্ঠানটির প্রতিনিধি তানজিহা চৌধুরী জানান, ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
মেলায় ভিশন হলিডে ও গো ট্রিপ তাদের সেবা মাশুলের ( সার্ভিস চার্জ) ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। গো ট্রিপের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ রহমান জানান, ভারতের ভিসা কিছুটা জটিল, তাই অনেকেই এখন চীনের দিকে ঝুঁকছেন, ভিসা পাওয়াও সহজ। ভিসা প্রসেসিংয়ে বিভিন্ন ক্ষেত্রে ১০ থেকে ১৭ হাজার পর্যন্ত টাকা নিচ্ছে গো ট্রিপ।
আয়োজকেরা জানান, বাংলাদেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা এবং দেশি-বিদেশি পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশি পোশাকের দাম
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · বাংলা ট্রিবিউন
জরুরি বিল দিতে অ্যাপে পাওয়া যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ, পাবেন যেভাবে
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ AM · প্রথম আলো
চলতি অর্থবছরে সরকারি বন্ডের ঋণ পরিশোধ করতে হবে ৫৭ হাজার কোটি টাকা
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৯ AM · প্রথম আলো
নতুন আমদানি নীতির যে শর্ত বাতিল চায় বিজিএমইএ-বিকেএমইএ
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM · প্রথম আলো
