নিরাপত্তা উদ্বেগে এআই মডেলের প্রশিক্ষণ সাময়িক বন্ধ করল ওপেনএআই
২১ আগস্ট, ২০২৬ এ ১১:০০ AM

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের সক্ষমতা দ্রুত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এসব মডেল তৈরি ও পরীক্ষার সম্ভাব্য ঝুঁকিও। আর তাই নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি জোরদার করতে এআই উন্নয়নের গতি সাময়িকভাবে কমিয়ে দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই মডেলের পরীক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণের ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে দুই সপ্তাহের জন্য মডেল পরীক্ষা বন্ধ রাখার পাশাপাশি ‘অ্যাস্ট্রা’ নামের পরবর্তী প্রজন্মের এআই মডেলের প্রশিক্ষণও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ওপেনএআইয়ের তথ্যমতে, এআই মডেল যত উন্নত হচ্ছে, সেগুলোর ঝুঁকিও তত বাড়ছে। ফলে এআই মডেলের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেগুলোর নিরাপত্তা, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাও উন্নত করা প্রয়োজন। আর তাই এআই মডেলের কার্যক্রম পর্যবেক্ষণে নতুন ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করতে মডেলগুলোর ওপর কঠোর পরীক্ষা চালানোর পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।
নতুন এই উদ্যোগের আওতায় এরই মধ্যে ওপেনএআইয়ের সবচেয়ে বড় এআই প্রশিক্ষণ কার্যক্রমও আপাতত স্থগিত করা হয়েছে। শুধু তা–ই নয়, এআই মডেলগুলোর বড় পরিসরে প্রশিক্ষণ চালানোর পরিবর্তে প্রতিষ্ঠানটি এখন ছোট পরিসরে প্রশিক্ষণ পরিচালনা করছে। এসব পরীক্ষার মাধ্যমে মডেল কীভাবে আচরণ করে, নিরাপত্তাব্যবস্থা প্রত্যাশিতভাবে কাজ করছে কি না এবং মডেল নির্ধারিত লক্ষ্য ও নীতিমালা অনুযায়ী কাজ করছে কি না, তা যাচাই করা হচ্ছে। পর্যাপ্ত তথ্য ও প্রমাণ পাওয়ার পর বড় পরিসরের প্রশিক্ষণ আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হবে।
গত কয়েক বছরে নতুন এআই মডেল তৈরি ও নতুন পণ্য বাজারে আনার ক্ষেত্রে দ্রুতগতিতে এগিয়েছে ওপেনএআই। প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ার কারণে মডেল উন্নয়নের গতি আরও বেড়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সেই গতি সাময়িকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বড় পরিসরের প্রশিক্ষণ আবার কবে শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি ওপেনএআই।
ওপেনএআইয়ের নিরাপত্তা বিভাগের প্রধান মিয়া গ্লিজ জানিয়েছেন, সবকিছু আবার আগের স্বাভাবিক গতিতে ফিরতে এখনো অনেক সময় বাকি। সাম্প্রতিক সাইবার নিরাপত্তার ঘটনাগুলোর পর এআই মডেল যেন মানুষের নজরদারিতে যথাযথভাবে সাড়া দেয় ও নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী কাজ করে, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে ওপেনএআই।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মঙ্গল গ্রহে প্রাচীন সভ্যতা থাকার দাবি ঘিরে নতুন বিতর্ক
২১ আগস্ট, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
২১ আগস্ট, ২০২৬ এ ১০:৩১ AM · বাংলা ট্রিবিউন
২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন
২১ আগস্ট, ২০২৬ এ ৮:৩০ AM · বাংলা ট্রিবিউন
ছয় বছরের পেশাজীবনে ৮৬১ কোটি টাকার বাড়ি কিনলেন তরুণ এআই গবেষক
২০ আগস্ট, ২০২৬ এ ৫:৪৫ PM · প্রথম আলো
