এইচটিসির অবিকল সংস্করণ! প্রশ্নের মুখে ট্রাম্পের স্মার্টফোন ‘টি১’
১ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৭ AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্র্যান্ডে বাজারে আসা স্মার্টফোন ‘ট্রাম্প মোবাইল টি১’ নিয়ে সম্প্রতি নতুন করে প্রশ্ন উঠেছে। ফোনটি খুলে পরীক্ষা করে দেখা গেছে, এটি ২০২৪ সালে বাজারে আসা তাইওয়ানের প্রযুক্তিপ্রতিষ্ঠান এইচটিসির ‘ইউ২৪ প্রো’ মডেলের প্রায় অবিকল সংস্করণ। বাহ্যিক নকশায় সামান্য পরিবর্তন ছাড়া দুই ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ও বিন্যাসেও উল্লেখযোগ্য কোনও পার্থক্য নেই।
২০২৫ সালের ১৬ জুন ট্রাম্প মোবাইল তাদের প্রথম স্মার্টফোন টি১ উন্মোচন করে। সে সময় ফোনটির দাম ধরা হয়েছিল ৪৯৯ ডলার এবং আগস্ট ২০২৫ থেকে সরবরাহ শুরুর কথা জানানো হয়েছিল। তবে কয়েক দফা নকশা ও স্পেসিফিকেশন পরিবর্তনের পাশাপাশি নানা বিলম্বের কারণে নির্ধারিত সময়ে ফোনটি বাজারে আসেনি। ২০২৬ সালের মে মাসে কয়েকটি সংবাদমাধ্যমের কাছে পরীক্ষামূলক ইউনিট পাঠানো শুরু হয়। এরপর ২৪ জুন থেকে সাধারণ ক্রেতাদের জন্য অনলাইনে অর্ডার নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। তবে প্রি-অর্ডার করা অনেক গ্রাহক তখনও ফোন হাতে পাননি বলে অভিযোগ ওঠে।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজল্যুশন ১ হাজার ৮০ বাই ২ হাজার ৪৬০ পিক্সেল। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর, ১২ গিগাবাইট র্যা ম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগও রয়েছে। পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ও ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এ ছাড়া ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি, ৩০ ওয়াটের তারযুক্ত চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। ফোনটির সঙ্গে ট্রুথ সোশ্যাল অ্যাপও আগে থেকে ইনস্টল করা থাকে।
তবে এসব বৈশিষ্ট্যের সঙ্গে এইচটিসি ইউ২৪ প্রোর মিলই এখন আলোচনার কেন্দ্রে। গত জুনে আইফিক্সিট ফোনটি খুলে পরীক্ষা করে জানায়, দুই মডেলের অভ্যন্তরীণ বিন্যাস ও যন্ত্রাংশ প্রায় একই। ট্রাম্প মোবাইলের ফোনে সোনালি রঙের আবরণ, ক্যামেরা অংশের সামান্য পরিবর্তন এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি রয়েছে। ইউ২৪ প্রোর ব্যাটারি ছিল ৪ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের। তবে টি১ ফোনে চার্জিং গতি ৩০ ওয়াট, যেখানে এইচটিসির মডেলটিতে ছিল ৬০ ওয়াট।
সাম্প্রতিক পরীক্ষায় প্রযুক্তি বিষয়ক ইউটিউবার জেরিরিগএভরিথিং দুই ফোনের মাদারবোর্ড অদলবদল করেও ফোন চালু করতে সক্ষম হন। পরীক্ষায় ফোনটি বিভিন্ন দিক থেকে বাঁকানোর চাপেও অক্ষত ছিল। পানিরোধী সক্ষমতা এবং পর্দার আঁচড় প্রতিরোধের ক্ষমতাও ছিল সন্তোষজনক। টেকসই পরীক্ষায় ভালো ফল করলেও ফোনটির স্বতন্ত্র নকশা এবং যুক্তরাষ্ট্রে তৈরি হওয়ার দাবি নিয়ে প্রশ্ন রয়েই গেছে।
প্রাথমিকভাবে ৪৯৯ ডলার প্রচারণামূলক দামে বিক্রি শুরু হলেও গত সেপ্টেম্বরে ফোনটির দাম বাড়িয়ে ৭৪৯ ডলার করা হয়। বর্তমানে ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য ফোনটি অর্ডারের সুযোগ রয়েছে। তবে আগের অর্ডারগুলো সরবরাহে বিলম্বের অভিযোগ থাকায় নতুন অর্ডার কত দ্রুত পৌঁছাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
মানুষের মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা ও আমাদের গ্রামের স্বপ্ন
১ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
বাইন্যান্সে হ্যাকিং ও ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ে জড়িত কি একই গ্রুপ
৩১ অক্টোবর, ২০২৬ এ ৫:১২ PM · প্রথম আলো
