শাহজাদপুর সংবাদ

দেশের প্রথম ছানিমুক্ত জেলা হবে সিরাজগঞ্জ, ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর | স্বাস্থ্য | সর্বশেষ সংবাদ | আজকের খবর

২২ নভেম্বর, ২০২৬ এ ১:০১ PM

দেশের প্রথম ছানিমুক্ত জেলা হবে সিরাজগঞ্জ, ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর | স্বাস্থ্য | সর্বশেষ সংবাদ | আজকের খবর

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত

আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে জেলার ছানিজনিত দৃষ্টিহীনতায় আক্রান্ত মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে অন্তত ৫০ হাজার বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জে আয়োজিত বৃহৎ চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির লক্ষ্য, ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে ছানিমুক্ত সিরাজগঞ্জ উপহার দেওয়া।

তিনি বলেন, একটি জরিপে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষকে দৃষ্টিহীন হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য অর্জনে আগামী দুই বছরে প্রতি মাসে দুই হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।

কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবির আয়োজন করে পাঁচ থেকে ছয় লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। পাশাপাশি তিন থেকে চার লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা দেওয়া হবে।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসাসেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে এবং নিজেরাই নিজেদের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈশ্বিক অঙ্গীকার তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, গত ২ নভেম্বর চক্ষু স্বাস্থ্যবিষয়ক বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে দেশের দুই কোটি অবহেলিত মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়ার অঙ্গীকার করেছেন। এর আওতায় এক কোটি মানুষকে চশমা এবং ১০ লাখ মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে এ খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি এবং জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আটটি বিভাগীয় শহরে আধুনিক ক্যান্সার চিকিৎসা চালুর লক্ষ্যে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল। এতে সহযোগিতা করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

কর্মসূচির উদ্বোধনী দিনেই চক্ষু শিবিরে প্রায় দেড় হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়।

প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মো. নুরুল আমিন, অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের অধ্যাপক ডা. মো. জিননুরাইন নিউটন।

এ ছাড়া বক্তব্য দেন অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম, স্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির প্রধান ডা. আফসানা হাবিব শিউলী।

সূত্র: বাংলাদেশ বুলেটিন

সম্পর্কিত সংবাদ