শাহজাদপুর সংবাদ

দিল্লিতে নামার পর উড়োজাহাজের ভেতর থেকে দিপকে–সৌরভ–আশুতোষ আটক

১০ অক্টোবর, ২০২৬ এ ৯:০৮ AM

দিল্লিতে নামার পর উড়োজাহাজের ভেতর থেকে দিপকে–সৌরভ–আশুতোষ আটক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে বহনকারী উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই সেখানে ঢুকে পড়ে পুলিশ। যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেই তাঁকে আটক করা হয়েছে।

পুলিশ উড়োজাহাজে প্রবেশ করার সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে যান দিপকে। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকে দিপকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।

দিপকের পোস্ট করা ভিডিওতে উড়োজাহাজের ভেতরে হইচই হতে দেখা যায়। সিজেপির সদস্যরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। উড়োজাহাজ থেকে যাত্রীদের নেমে আসা পর্যন্ত অপেক্ষা না করে কেন পুলিশ তাঁদের আটক করতে এসেছে, সে প্রশ্ন তোলেন তাঁরা।

ভিডিওতে দিপকেকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।’

তথ্যসূত্র: এনডিটিভি

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে রত্না সিংকে আটক করেছে পুলিশ। তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) আইনি–বিষয়ক প্রধান। সিজেপির পক্ষ থেকে আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে রত্নার আটক হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

এদিকে জনপ্রিয় আধেয় নির্মাতা (কনটেন্ট ক্রিয়েটর) কাব্য কর্ণাটককেও আটক করার কথা জানা গেছে। তিনি ‘কেকে ক্রিয়েট’ নামে অনলাইনে পরিচিত। সংবাদমাধ্যম এএনআই জানায়, দিল্লির উপকণ্ঠে ধাউলা কউন এলাকা থেকে কাব্যকে আটক করেছে পুলিশ।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

যন্তর মন্তরে আজ শনিবারের বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। দিল্লি যাওয়ার পথে নিরাপত্তাব্যবস্থা জোরদার ও কড়া বিধিনিষেধ আরোপ করায় সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে লিখেছেন, ‘আমাদের বিক্ষোভ শুরুর আগেই মোদি পরাজয় মেনে নিয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় এবং দিল্লি অচল করে দেওয়ার পদক্ষেপ শক্তির লক্ষণ নয়; বরং এমন নেতার লক্ষণ, যিনি নিজের জনগণকেই ভয় পান।’

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আজ শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গতরাতে (শুক্রবার দিবাগত রাত) দিল্লিতে অন্তত ১০০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। আজ সকালে আরও প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নজরদারিতে দিল্লির বিভিন্ন সংবেদনশীল এলাকায় তিনশ’র বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ভিডিওর পাশাপাশি সেগুলোতে অডিও রেকর্ড করার সক্ষমতাও রয়েছে।

এছাড়া, সংবেদনশীল এলাকাগুলোতে লাউড–স্পিকারে লোকজনকে বিক্ষোভে যোগ না দিতে বলা হচ্ছে। না হলে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

পুলিশ দিল্লিজুড়ে লজ ও হোটেলে তল্লাশি অভিযান চালাচ্ছে। হোটেল কর্তৃপক্ষকে বিক্ষোভে যোগ দিতে এসেছেন, এমন কাউকে কক্ষ ভাড়া না দিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এয়ারবিএনবি ও বিভিন্ন বাড়ির মালিকদেরও একই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিক্ষোভ এবং পুলিশের প্রতিক্রিয়ার দৃশ্য তাৎক্ষণিকভাবে ধারণ করতে শত শত আলোকচিত্রী ও ভিডিওগ্রাফারও নিয়োগ দেওয়া হয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এসব পদক্ষেপের মাধ্যমে ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা নির্ধারণ করা যাবে, যাচাইযোগ্য প্রমাণের সাহায্যে বিভ্রান্তিকর দাবির জবাব দেওয়া যাবে এবং কোনো ঘটনা ঘটলে তদন্তে সহায়তা পাওয়া যাবে।

এ মাসের শুরুতে দিল্লিতে অনুষ্ঠিত বিক্ষোভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলা হয়। এর মধ্যে এক নারী বিক্ষোভকারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। এসব অভিযোগের পর পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে।

যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে আজ মুম্বাই থেকে দিল্লি রওনা হয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দিপকে। এর জের দিল্লির বিমানবন্দরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস

জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। হরিয়ানা রাজ্যের এই এলাকা দিল্লির কাছেই। পুলিশের নির্দেশনা না মানায় তাঁকে আটক করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে পুলিশ।

দিল্লিতে পূর্বনির্ধারিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটি আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসায় পৌঁছান পুলিশের সদস্যরা।

এর আগে গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যন্তর মন্তরে চলমান বিক্ষোভে যোগ দিতে ধ্রুব রাঠিকে দিল্লি যেতে নিষেধ করা হয়েছিল।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

যন্তর মন্তরে কাকরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের বিশেষ নারী দল ‘পিঙ্ক ফোর্স’ মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি বিক্ষোভে নারী পুলিশ সদস্যদের সঙ্গে বেশ কিছু অশালীন আচরণের ঘটনার খবর সামনে আসার প্রেক্ষাপটে এ বিশেষ দল মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে বলেছেন, ‘তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।’

দিল্লিতে পৌঁছালে আটক করা হবে কি না, জানতে চাইলে এ কথা বলেন অভিজিৎ। এএনআইকে তিনি এসব কথা বলেন।

মুম্বাই থেকে দিল্লির পথে রওনা হয়েছেন অভিজিৎ। এনআই এর প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে দিপকে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন।

দিল্লি ছাড়ার আগে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।’

যন্তর মন্তরে আজকের বিক্ষোভে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও যোগ দেবেন।সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় দিপকেসহ অন্যান্য নেতারা আগেই ঘোষণা দিয়েছিলেন, ১০ অক্টোবর যন্তর মন্তর ২.০-তে অংশ নেবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।

আন্দোলনে শরিক হতে ভারতে এসে ধ্রুব রাঠি নিজেও বলেছেন, ‘এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। ১০ তারিখে কেউ দিল্লি আসতে ভুলবেন না।’

এদিকে সিজেপির পরিকল্পিত বিক্ষোভের আগে কেন্দ্রীয় সরকার দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে, যানবাহন চলাচল সীমিত করেছে এবং দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে।

এ নিয়ে গতকাল শুক্রবার ককরোচ জনতা পার্টির নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ‘জেন জি-কে ভয় পাচ্ছে, তাই জরুরি অবস্থা’ জারি করেছে।

বেঙ্গালুরু থেকে ফিরে মুম্বাই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিজিৎ আরও বলেন, ‘তরুণদের এত ভয় পেলে পুরো দেশই বন্ধ করে দিন।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ