ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শুরু হচ্ছে এআই বিষয়ক সার্টিফিকেট কোর্স
২ নভেম্বর, ২০২৬ এ ১০:২১ AM

আধুনিক তথ্যপ্রযুক্তির দ্রুত প্রসার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈপ্লবিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে করপোরেট পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। পরিবর্তিত ব্যবসা দুনিয়াকে গুরুত্ব দিয়ে ছয় সপ্তাহ মেয়াদি সার্টিফিকেট কোর্স ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বিজনেস প্রফেশনালস’ (এআই বিপি)।
ডিজিটাল যুগে ব্যবস্থাপকদের প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি, অভিযোজনযোগ্য ডিজিটাল মানসিকতা গঠন এবং বাস্তবমুখী এআই কৌশলে দক্ষ করে তোলাই এই কোর্সের প্রধান লক্ষ্য। বর্তমান সময়ের চাহিদাকে বিবেচনা করে ডিজাইন করা এই বিশেষ প্রোগ্রামটি করপোরেট এক্সিকিউটিভদের কর্মক্ষেত্রে আরও বেশি দক্ষ, উদ্ভাবনী ও আধুনিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
ছয় সপ্তাহের এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিতে আধুনিক ব্যবসা ব্যবস্থাপনায় জেনারেটিভ এআইয়ের বাস্তবমুখী ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং এআই-চালিত কর্মপদ্ধতি পরিচালনার ওপর বিশেষ জোর দেওয়া হবে। অংশগ্রহণকারীরা বিজনেস করেসপনডেন্স, ডেটা অ্যানালাইসিস এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে অ্যাডভান্সড এআই মডেল কীভাবে প্রয়োগ করতে হয়, তা শিখবেন। এ ছাড়া ব্যক্তিগত ও করপোরেট প্রম্পট লাইব্রেরি তৈরি, দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয় করা (অটোমেশন) এবং এআই-চালিত টিম পরিচালনার জন্য ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ থাকবে এই কোর্সে।
২৭ নভেম্বর (সেকশন এ) ও ২৮ নভেম্বর (সেকশন বি) থেকে আইবিএ ভবনে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হতে যাচ্ছে। কোর্সটিতে মোট ১২টি ৩ ঘণ্টার ক্লাস অনুষ্ঠিত হবে, যা প্রতি শুক্র এবং শনিবার পরিচালিত হবে। আসন সংখ্যা এবং আবেদনকারীর পছন্দের ভিত্তিতে শিক্ষার্থীদের সেকশন বণ্টন করা হবে।
কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীরা এই কোর্সে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, তবে ব্যতিক্রমী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য। প্রতিটি ক্লাসে অংশগ্রহণকারীদের নিজ নিজ ল্যাপটপ সঙ্গে আনা বাধ্যতামূলক করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের ১৪ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্র বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ইন্টারভিউ) জন্য ডাকা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের কোর্স ফি ৪০ হাজার টাকা।
কোর্স–সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য আইবিএ ভবনের ৪০২ নম্বর কক্ষে (চতুর্থ তলা) ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) অফিসে বা ০১৭৬৬৯৯৩৩৯০ ও ০১৭২৬৮৮৫৩২৯ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘গণমাধ্যম’ বিষয়ে পড়তে শিক্ষার্থীদের আগ্রহ কম কেন
২ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
২ নভেম্বর, ২০২৬ এ ৯:১৯ AM · বাংলা ট্রিবিউন
খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
১ নভেম্বর, ২০২৬ এ ৫:০৭ PM · প্রথম আলো
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে শাহজাদপুরে মিষ্টি বিক্রিতে ধ্বস
১ নভেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · https://www.dainiksokal.com/
