শাহজাদপুর সংবাদ

ঢাকা পর্বের জমকালো উদ্বোধন, আঞ্চলিক ফাইনালে মোনালিসা

২৪ অক্টোবর, ২০২৬ এ ২:১৮ PM

ঢাকা পর্বের জমকালো উদ্বোধন, আঞ্চলিক ফাইনালে মোনালিসা

রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম ঘুরে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এখন ঢাকায়। আজ সকালে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে টুর্নামেন্টের ঢাকা পর্বের উদ্বোধনী ম্যাচে জিতে আঞ্চলিক ফাইনালে উঠেছে টাঙ্গাইলের মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি। সিরাজগঞ্জের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রমীলা ফুটবল একাডেমিকে তারা ৩-০ গোলে হারিয়েছে।

জয়ী দলের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হন ইভা আক্তার। নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে ইভা বলেন, ‘ভাবতেই পারিনি সেরার পুরস্কার পাব। তবে আমরা যেভাবে খেলেছি, আশা করি আমরা চূড়ান্ত পর্বে উঠব এবং আরও অনেক দূর যাব।’

উদ্বোধনী ম্যাচের পর আয়োজিত হয় ঢাকা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র টুর্নামেন্টের সার্বিক পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘আমরা এই টুর্নামেন্টটা শুরু করেছি রংপুরে।

তারপর রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ঘুরে এখন ঢাকায় এসেছি। এর মধ্যেই ঢাকার বাইরের পাঁচটি অঞ্চল থেকে ছয়টি দল চূড়ান্ত পর্বে নিশ্চিত করেছে। এবং ঢাকা অঞ্চল থেকে দুটি দল উঠবে চূড়ান্ত পর্বে। ওই আটটি দল নিয়ে চূড়ান্ত পর্ব, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল হবে। ঢাকা অঞ্চলের বাকি খেলা এবং চূড়ান্ত পর্বের খেলা সাভারের এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুন্দর একটা মাঠে হবে।’

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা, টুর্নামেন্ট কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় মহিলা দলের সাবেক কোচ গোলাম রব্বানী, জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার, জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় খুরশিদা খাতুন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির, স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখছেদুল কামাল এবং প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান।

খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা বলেন, ‘আজকে যারা খেলতে এসেছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আগামীতে অনেক ভালো খেলোয়াড় হও, এটাই আমাদের আশা। সেই সঙ্গে ড্যাফোডিলের ভিসি স্যারকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর মাঠে খেলার ব্যবস্থা করে দেওয়ার জন্য।’

প্রথম আলো তিন বছর ধরে ছেলেদের ‘আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে আসছে। টুর্নামেন্টের ঢাকা অঞ্চল ও চূড়ান্ত পর্বের খেলা ড্যাফোডিলের মাঠেই হয়।

নারী ফুটবলের এই বড় আয়োজনের অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির। নারী ফুটবলারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে এমন একটি টুর্নামেন্টের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পৃক্ত হতে পেরেছে। আমরা সত্যিই গর্বিত এবং তোমাদের যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ-তোমরাই খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তোমরা এই মাঠে খেলছ, আমি খুবই খুশি।’

আয়োজনের নেপথ্য উদ্দেশ্য বর্ণনা করে স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখছেদুল কামাল বলেন, ‘দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে স্টার নিউজ এবং প্রথম আলো যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা মনে করি যে শুধু সংবাদ সম্প্রচার নয়, বরং সমাজের যে ইতিবাচক পরিবর্তন ও সম্ভাবনা এবং বাংলাদেশের সম্ভাবনাকে মানুষের সামনে তুলে ধরার জন্য ক্ষেত্র প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।’

ঢাকায় দুই দিনের আঞ্চলিক পর্বে অংশ নিচ্ছে আটটি দল। আজ অনুষ্ঠিত হচ্ছে তিনটি ম্যাচ এবং আগামীকালও হবে তিনটি ম্যাচ।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ