টাইটানিকের যাত্রীদের স্মারক বিক্রি হলো রেকর্ড দামে
২৩ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM

সমুদ্রের অতল গভীরে হারিয়ে গেছে জাহাজটি। সঙ্গে হারিয়ে গেছে প্রায় দেড় হাজার মানুষের জীবন; কিন্তু তাঁদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিস রয়ে গেছে পরিবারের কাছে, ইতিহাসের সংগ্রহে। এক শতাব্দীর বেশি সময় পর সেই স্মারকগুলোর কয়েকটি নিলামে উঠল। আর সেগুলোর দাম উঠল রেকর্ড পরিমাণ।
১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিকের যাত্রীদের ব্যবহৃত শতাধিক সামগ্রী সম্প্রতি ইংল্যান্ডে নিলামে বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে ‘তৃতীয় শ্রেণি’র যাত্রী মেরি ম্যানগানের একটি সোনার পকেটঘড়ির। ঘড়িটি বিক্রি হয়েছে ২ লাখ ৫০ হাজার পাউন্ডে; আর বিখ্যাত যাত্রী লেডি ডাফ গর্ডনের একটি হীরার আংটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে।
নিলামে আরেকটি বিশেষ আকর্ষণ ছিল প্রথম শ্রেণির যাত্রী রামন আর্তাগাভেইতিয়া গোমেজের লেখা একটি চিঠি। টাইটানিক জাহাজে বসে স্প্যানিশ ভাষায় লেখা চিঠিটি তাঁর শরীর থেকে উদ্ধার করা হয়েছিল। পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত চিঠিটি বিক্রি হয়েছে ৮০ হাজার পাউন্ডে।
মেরি ম্যানগান ছিলেন ৩২ বছর বয়সী আইরিশ নারী। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। ১৯১২ সালের শুরুর দিকে পরিবারের সঙ্গে দেখা করতে আয়ারল্যান্ডে ফিরেছিলেন। পরে টাইটানিকে চড়ে আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। তাঁর শরীর থেকে ঘড়িটি উদ্ধার করা হয়েছিল। অন্য ব্যক্তিগত জিনিসপত্রের সঙ্গে ঘড়িটিও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি বেলফাস্টের টাইটানিক জাদুঘরে ম্যানগান পরিবারের সংগ্রহের অন্য জিনিসপত্রের সঙ্গে ঘড়িটি কয়েক সপ্তাহ প্রদর্শিত হয়েছিল।
রামন আর্তাগাভেইতিয়া গোমেজের চিঠিটিও বেশ দুর্লভ। জাহাজের নিজস্ব প্যাডে লেখা চিঠিতে তিনি টাইটানিকের নানা বিবরণ তুলে ধরেছিলেন। জাহাজের রং, ভেতরের তাপমাত্রা, খাবার ঘরে কতজনের খাবারের ব্যবস্থা ছিল—এমন নানা বিষয় নিয়ে লিখেছিলেন তিনি।
নিলামে বিক্রি হওয়া অন্য সামগ্রীর মধ্যে ছিল টাইটানিকের একটি দুর্লভ টিকিট। এর দাম উঠেছে ৪৫ হাজার ৫০০ পাউন্ড। একটি বিমার দলিল বিক্রি হয়েছে ২৭ হাজার পাউন্ডে; আর জাহাজের জ্যেষ্ঠ বেতার অপারেটর জ্যাক ফিলিপসের লেখা একটি পোস্টকার্ড বিক্রি হয়েছে প্রায় ৩২ হাজার পাউন্ডে।
টাইটানিক ডুবে যাওয়ার সময়ও নিজের দায়িত্বে অবিচল ছিলেন ফিলিপস। জাহাজটি যখন ডুবছিল, তখন তিনি বেতারযন্ত্রে বিপৎসংকেত পাঠাচ্ছিলেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করছিলেন। মৃত্যুর মাত্র চার দিন আগে টাইটানিক সাউদাম্পটন বন্দরে থাকা অবস্থায় তিনি বোন এলসিকে পোস্টকার্ডটি লিখেছিলেন। এ কারণেই স্মারকটির বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
ইংল্যান্ডের উইল্টশায়ারের ডেভাইজ শহরে নিলামের প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন এই সামগ্রীগুলো বিক্রি করেছে। প্রতিষ্ঠানটির নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, সব মিলিয়ে নিলামে বিক্রির পরিমাণ ১০ লাখ পাউন্ড ছাড়িয়েছে। এর বড় অংশই এসেছে টাইটানিকের স্মারক থেকে।
অ্যান্ড্রু অলড্রিজের মতে, টাইটানিকের প্রতি মানুষের আগ্রহ এখনো সারা বিশ্বে অটুট। নিলামে বিভিন্ন দেশের সংগ্রাহকেরা অংশ নিয়েছেন। তাঁর ভাষায়, এসব জিনিসের দাম শুধু সংগ্রাহকদের আগ্রহের প্রতিফলন নয়, এর মাধ্যমে টাইটানিকের যাত্রীদের ব্যক্তিগত স্মৃতিও বাঁচিয়ে রাখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকট
২৩ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
২৩ নভেম্বর, ২০২৬ এ ১১:২৫ AM · প্রথম আলো
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
২৩ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক
২২ নভেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
২২ নভেম্বর, ২০২৬ এ ১১:২৫ AM · প্রথম আলো
