তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক
২২ নভেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM

তাজমহল দেখতে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতা সংলাপ সম্মেলনে যোগ দিতে তিনি বর্তমানে ভারতে রয়েছেন। গতকাল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তাজমহলসহ দিল্লির আরও কিছু জায়গায় যেতে কোনো বাধা নেই। তবে নিরাপত্তার কারণে দিল্লির নিজামুদ্দিন দরগাহে যেতে পারবেন না।
দিল্লিতে থাকাকালীন মুসাদ্দিক মালিক উত্তর প্রদেশের আগ্রার তাজমহল ছাড়া দিল্লির নিজামুদ্দিন দরগাহেও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর সাধ মিটবে কি না, সে বিষয়ে নানা ধরনের খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল। সরকারি বরাতের উল্লেখ করে কেউ জানাচ্ছিলেন, সম্মেলন ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি তাঁকে দেওয়া হবে না। কেউবা লিখেছিলেন, তাজমহল দেখতে যেতে দেওয়া হলেও নিজামুদ্দিন দরগাহে যেতে দেওয়া হবে না। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তাজমহল ছাড়াও মুসাদ্দিক মালিক দিল্লিতে অবস্থিত মোগল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল পরিদর্শনে যেতে পারেন। দক্ষিণ দিল্লির ‘দিল্লি হাটে’ যাওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই। তবে নিজামুদ্দিন দরগাহে নয়। নিজামুদ্দিনে যাওয়ায় বাধা দেওয়ার কারণ নিরাপত্তাজনিত বলা হলেও সে নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সরকারি সূত্র অনুযায়ী, ওই এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ। ঘিঞ্জি। জনাকীর্ণ। ভারত সরকার তাই কোনো ঝুঁকি নিতে চায় না। ২০২৫ সালের মে মাসে পেহেলগাম হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোয় হামলা চালায়। সেই হামলার পোশাকি নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। তার পর থেকে কোনো পাকিস্তানি মন্ত্রী কোনো অনুষ্ঠানে ভারতে আসেননি। মুসাদ্দিক মালিকই প্রথম। যদিও এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ২০২৩ সালে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এসসিও একটি বহুপক্ষীয় সংগঠন। এ ধরনের সংগঠনে পাকিস্তানের সঙ্গে মঞ্চ ভাগাভাগিতে ভারত আপত্তি জানায় না। কিন্তু পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো আলোচনা বা বাক্যালাপ এখনো বন্ধ রেখেছে ভারত।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
২২ নভেম্বর, ২০২৬ এ ১১:২৫ AM · প্রথম আলো
কেনেডি হত্যাকাণ্ড ঘিরে মার্কিন নথিপত্রে শেষ পর্যন্ত কী বেরিয়ে এল
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
রাজস্থানে পঞ্চায়েত ভোটে বিজেপি ধরাশায়ী, কংগ্রেসের জয়জয়কার
২১ নভেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM · প্রথম আলো
সৌদি জোটের ‘বিশেষ অভিযান’-এর পর রিয়াদে ইয়েমেনের হুতিদের হামলা
২১ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
