গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
২২ নভেম্বর, ২০২৬ এ ১১:২৫ AM

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বন্যায় উপত্যকাটির গৃহহীন মানুষেরা যখন মানবেতর জীবন যাপন করছেন, তখন এ হামলার ঘটনা ঘটল।
গতকাল শনিবার গাজা নগরীর তাল আল-হাওয়া এলাকার বিভিন্ন স্থানে একটি গাড়িতে করে বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছিল। এ সময় গাড়িতে হামলা করে ইসরায়েল। এতে নিহত হন অন্তত তিনজন।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গাড়িতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ সংস্থার লোগোযুক্ত কাগজপত্র ছিল। সংস্থাটি গাজায় খাবার বিতরণ করে। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের নয়।
বাস্তুচ্যুত গাজার বাসিন্দা ও হামলার প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া বলেন, ‘গাড়িটি গাজার দরিদ্র ও তাঁবুতে থাকা বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করে থাকে। গতকাল শিশুদের খাবার ও পানীয় দেওয়ার জন্য গাড়িটি যখন একটি স্থানে থামতে যাচ্ছিল, তখন সেটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যাঁরাই খাবার বিতরণ করতে আসছেন, তাঁদের ওপরই হামলা করা হচ্ছে।’
অন্যদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন। গাজা নগরী থেকে আল–জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, ওই ব্যক্তিকে পরে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গতকাল দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এতে তিনজন আহত হন। তাঁদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়।
আল-খলিলি বলেন, ‘যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে এখনো কোনো পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ তাঁদের প্রতিদিনের ভয়াবহ বাস্তবতার অংশ হয়ে আছে।’
গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলের নৃশংসতা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিন বছর আগে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ৭৪ হাজার ৭৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা
গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে।
গত শুক্রবার গভীর রাতে রামাল্লার উত্তরে দুরা আল-কারি গ্রামের কাছে ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীদের গুলিতে হামজা মাসউদ সালিম আবদো (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাঁর মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ আটকে রেখেছে। এ ঘটনায় আরও এক ফিলিস্তিনি আটক হন।
রামাল্লা থেকে আল–জাজিরার প্রতিবেদক নুর ওদেহ জানান, বসতি স্থাপনকারীরা নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ যেসব হামলার তদন্ত করে, তার ৩ শতাংশের কম ঘটনায় আংশিক বা পূর্ণ দোষী সাব্যস্ত করার ঘটনা ঘটে। বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে ফিলিস্তিনিদের প্রায়ই আটক, জিজ্ঞাসাবাদ ও হয়রানির শিকার হতে হয়। এ কারণে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগ জানানোর সংখ্যাও খুব কম।’
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এ সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যসহ ইসরায়েলের মিত্রদেশগুলোও।
এদিকে শীতকালীন আবহাওয়া গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি সপ্তাহের শুরুতে সতর্ক করে বলেছে, ফিলিস্তিনিরা খাবার রান্না করতে আবর্জনা পোড়াতে বাধ্য হচ্ছেন। ডব্লিউএফপির ফিলিস্তিনবিষয়ক পরিচালক শন হিউজ বলেন, ‘এখন আবর্জনাও ভিজে গেছে।’
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে মিসরে থাকা এক লাখের বেশি তাঁবু গাজায় পাঠানো যাচ্ছে না।
গাজা থেকে আল–জাজিরার প্রতিবেদক আল-খলিলি বলেন, ‘সামনের দিনগুলো অনিশ্চিত। নিত্যপ্রয়োজনীয় মৌলিক জিনিসের অভাব আরও প্রকট হয়ে উঠছে।’
২২ হাজার শিশু নিহত
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর পর্যন্ত উপত্যকাটিতে প্রায় ২২ হাজার শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে যুদ্ধ চলাকালে জন্ম নেওয়া শত শত শিশুও রয়েছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে এ তথ্য প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এক বিবৃতিতে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ২১ হাজার ৯৭৬ শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে ৬১২ শিশুর জন্ম হয়েছে যুদ্ধ চলাকালে। এসব শিশুর মধ্যে ৪৪৮ জন এক বছর বয়স হওয়ার আগেই মারা গেছে।
এদিকে ফিলিস্তিনি বন্দীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো জানিয়েছে, প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু এখনো ইসরায়েলের কারাগারে বন্দী। তাদের অভিযোগ, এসব শিশু নির্যাতন ও অনাহারের শিকার হচ্ছে। এ ছাড়া তাদের মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক
২২ নভেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
কেনেডি হত্যাকাণ্ড ঘিরে মার্কিন নথিপত্রে শেষ পর্যন্ত কী বেরিয়ে এল
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
রাজস্থানে পঞ্চায়েত ভোটে বিজেপি ধরাশায়ী, কংগ্রেসের জয়জয়কার
২১ নভেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM · প্রথম আলো
সৌদি জোটের ‘বিশেষ অভিযান’-এর পর রিয়াদে ইয়েমেনের হুতিদের হামলা
২১ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
