শাহজাদপুর সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় ঘরে ঘরে সোলার প্যানেল বসানোর আহ্বান বিদ্যুৎমন্ত্রীর

৭ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৪ AM

জ্বালানি সংকট মোকাবিলায় ঘরে ঘরে সোলার প্যানেল বসানোর আহ্বান বিদ্যুৎমন্ত্রীর

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ খাতে সরকারের ব্যয় কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সংকট থেকে উত্তরণে দেশের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল স্থাপনের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতেও দেশের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সরকার বিদেশ থেকে উচ্চমূল্যে গ্যাস কিনছে। দায়িত্ব গ্রহণের সময় প্রতি ইউনিট গ্যাসের দাম ১২ ডলার থাকলেও বর্তমানে তা বেড়ে ৩২ ডলারে দাঁড়িয়েছে। গত কয়েক মাসে জ্বালানি খাতে সরকারকে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।তিনি বলেন, এভাবে বিপুল পরিমাণ ভর্তুকি অব্যাহত রাখতে হলে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়বে। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় অর্থের জোগান ব্যাহত হতে পারে। তাই জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে জনগণের সহযোগিতা করতে হবে।বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আল্লাহর দেওয়া সূর্যের আলোকে কাজে লাগিয়ে সহজেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাই প্রত্যেকের বাড়িতে সোলার প্যানেল স্থাপনে এগিয়ে আসা প্রয়োজন। এতে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভরশীলতাও কমবে।তিনি আরও বলেন, ঘরে সোলার প্যানেল স্থাপন করা গেলে মানুষ নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এতে বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটার নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।নামাজ শেষে মন্ত্রী স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়ে সবাইকে উৎসাহিত করেন।এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা।

The post জ্বালানি সংকট মোকাবিলায় ঘরে ঘরে সোলার প্যানেল বসানোর আহ্বান বিদ্যুৎমন্ত্রীর appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ