শাহজাদপুর সংবাদ

জেনডায়া–টম হলান্ডের বিয়ে হয়েছে, নাকি হয়নি

১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ AM

জেনডায়া–টম হলান্ডের বিয়ে হয়েছে, নাকি হয়নি

এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার একসঙ্গে দেখা গেল জেনডায়া ও টম হলান্ডকে। অনেকের চোখ ছিল তাঁদের পোশাক ও রেড কার্পেটের উপস্থিতিতে। তবে রাতের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠল তাঁদের বিয়ে। কারণ, বিয়ের পর প্রথমবার এমিতে হাজির হয়েছেন—এমন আলোচনা যখন চলছে, তখনই জেনডায়ার স্টাইলিস্ট ল রোচ জানিয়ে দিলেন, আসলে তাঁদের বিয়েই হয়নি!

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারের আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে বসেছিল ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠানে জেনডায়া ছিলেন অন্যতম আলোচিত তারকা। ‘ইউফোরিয়া’য় রু চরিত্রে অভিনয়ের জন্য ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ এমি মনোনয়ন পেয়েছেন তিনি। সেরা অভিনেত্রীর এই পুরস্কার অবশ্য তাঁর জন্য নতুন নয়; এর আগেও একই চরিত্রে অভিনয়ের জন্য দুবার এমি জেতেন তিনি। তবে এবারের উপস্থিতিতে আলাদা মাত্রা যোগ করেন টম হল্যান্ড। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দ্য অডিসি’–তে জেনডায়ার সহশিল্পী হল্যান্ড প্রথমবারের মতো এমির আসরে হাজির হন।

কমেডি সিরিজের সেরা পরিচালকের পুরস্কার ঘোষণার আগে ‘স্যাটারডে নাইট লাইভ’ তারকা মারচেলো হার্নান্দেজ মজা করে অনুষ্ঠানে উপস্থিত তারকাদের নিয়ে কথা বলছিলেন। একপর্যায়ে ক্যামেরা যায় জেনডায়ার দিকে। তাঁর পেছনেই দেখা যায় হল্যান্ডকে—প্রেমিকার দিকে তাকিয়ে হাসছিলেন তিনি।

হার্নান্দেজ তখন বলেন, ‘আমি জেনডায়াকে “হাই” বলতে চাই।’ এরপর মজা করে বলেন, তিনি জেনডায়াকে দেখে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু তা পারেননি। তাই জেনডায়া ও ‘স্পাইডার-ম্যান’–কে নিজের বাড়িতে ডিনারের আমন্ত্রণও জানান।সেদিন জেনডায়া ও হল্যান্ড দুজনেই ছিলেন নজরকাড়া পোশাকে। জেনডায়ার সাজে ছিল কুতুর গাউন ও মিকিমোটোর সাউথ সি কালচার্ড পার্লের দুল। তাঁর দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ বলেন, তিনি চেয়েছিলেন মিকিমোটোর মতো চিরন্তন সৌন্দর্যের মুক্তোকে আরও আধুনিক ও তরুণভাবে উপস্থাপন করতে। অন্যদিকে হল্যান্ডের পোশাক ছিল ডিওরের।

তবে রেড কার্পেটে সাংবাদিকদের প্রশ্নের মুখে ল রোচ এমন একটি তথ্য দেন, যা মুহূর্তেই পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়।

এর আগে ল রোচ দাবি করেছিলেন, জেনডায়া ও হল্যান্ড চলতি বছরের বসন্তে গোপনে বিয়ে করেছেন। সে বক্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এবার তিনি নিজেই সেই দাবি প্রত্যাহার করে বলেন, ‘আমি আসলে মিথ্যা বলেছিলাম। সে বিবাহিত ছিল না।’ল রোচ আরও স্পষ্ট করে জানান, জেনডায়া ও হল্যান্ডের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের যেসব ছবি বা ভিডিও ছড়িয়েছে, সেগুলোও সত্যি নয়।

তবে সম্পর্কের জায়গা থেকে তাঁদের বন্ধন যে অনেক গভীর, সেটিও বুঝিয়ে দিয়েছেন রোচ। তাঁর ভাষায়, ‘সে অনেক দিন ধরেই তাঁর সঙ্গী, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো স্ত্রী নয়।’

দীর্ঘদিনের প্রেম, বাগ্‌দান ও গোপন বিয়ের নানা গুঞ্জনের পরও জেনডায়া-হল্যান্ডের আনুষ্ঠানিক বিয়ের অপেক্ষা এখনো শেষ হয়নি।

এ বছর অবশ্য দুজনের জন্যই ছিল ব্যস্ততায় ভরা। পর্দায় তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–তে। দুটিই বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।

বিশেষ করে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকার বক্স অফিসে ইতিমধ্যেই ৯২ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে। ফলে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এর ৯৩ কোটি ৬০ লাখ ডলারের আয়কে ছাড়িয়ে উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার পথে রয়েছে ছবিটি।

এত ব্যস্ততার মধ্যেই মার্চে ফ্যানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনডায়া জানিয়েছিলেন, কিছুদিনের জন্য তিনি লোকচক্ষুর আড়ালে যেতে চান। তাঁর কথায়, ‘আমি শুধু আশা করি, মানুষ যেন আমাকে দেখে ক্লান্ত হয়ে না যায়।’ ক্যারিয়ার ও সিনেমাগুলোকে সমর্থন করা দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছিলেন তিনি।এদিকে এমির মঞ্চে জেনডায়ার পাশে হাসিমুখে বসে থাকা হল্যান্ডকে দেখে আবারও স্পষ্ট—বিয়ের আনুষ্ঠানিকতা না হলেও তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহে এখনো কোনো কমতি নেই।

ভ্যারাইটি অবলম্বনে

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ